কনফেডারেশন্স কাপের প্রথম সেমি আজ

ব্রাজিলের লক্ষ্য পঞ্চম ফাইনাল

আপডেট : ২৫ জুন ২০১৩, ২১:৫৮
টানা তৃতীয়বারের মতো ফিফা কনফেডারেশন্স কাপের জয়ের লক্ষ্যে ব্রাজিল আজ বুধবার রাতে বেলো হরাইজোন্তে উরুগুয়ের বিরুদ্ধে সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে। স্পেন ও ইতালির মধ্যকার অপর সেমিফাইনালটি হবে আগামীকাল বৃহস্পতিবার। ব্রাজিল মহাদেশীয় এ প্রতিযোগিতায় এর আগে চারবার ফাইনালে খেলেছে। এস্তাদিও মিনেইরোতে তাই স্বাগতিকদের লক্ষ্য হবে পঞ্চম ফাইনাল। যদিও খেলাটিতে উতরানো সহজ হবে না তাদের জন্য। কেননা উরুগুয়ে হলো ২০১১ সালের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন যে টুর্নামেন্টে ব্রাজিল ছিটকে গিয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকেই। উরুগুয়ের সে ফর্ম অবশ্য এখন নেই। কারণ বিশ্বকাপের সাম্প্রতিক বাছাই খেলাগুলোয় দলটি দুর্দশায় ছিল। দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নদের দুই তারকা লোদেইরো ও ফোরল্যান ধারণা করছেন নেইমারের দুরন্তপনা অব্যাহত থাকুক বা না থাকুক, দু’দলের মধ্যে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে। সেলেচাও হিসেবে অভিহিত ব্রাজিল দল কনফেডারেশন কাপের সবকটিসহ সর্বশেষ চার খেলায় জিতে জয়ের ধারায় আছে। এ ব্যাপারে বোটাফোগোর খেলোয়াড় নিকোলাস লোদেইরো আসন্ন লড়াইয়ের প্রাক্কালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলেন, ‘ব্রাজিল ইদানিং খুবই ভাল খেলছে। দলগতভাবেই খুবই ভাল খেলছে তারা। নেইমার খুবই ভাল খেলছে, তবে সে একাই খেলছে না, দলটিই অনেক উন্নতি করেছে।’ ফোরল্যানও মানছেন এটা হবে কঠিন লড়াই। ইন্টারন্যাচিওনালের এই খেলোয়াড় বলেন,‘এটা হবে কঠিন খেলা। তবে ব্রাজিল ও উরুগুয়ের প্রতিদ্বন্দ্বিতা সবসময়ই সুন্দর। সবাই নেইমার সম্পর্কে জানে, সে খুবই ভাল খেলোয়াড়। এটা সহজ হবে না, তবে আমরা নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা চালাবো।’ কোচ অস্কার তাবারেজের দলটি কনফেডারেশন কাপের পথে গত দশ খেলার মধ্যে পাঁচটিতেই হেরেছে। জিতেছে কেবল তিনটিতে। তারপরও ব্রাজিলে খেলতে এসে নাইজেরিয়া ও তাহিতির বিরুদ্ধে ২-১ ও ৮-০ গোলের জয়ে দলটি শেষ চারে উঠে আসে। যদিও বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের কাছে ২-১ গোলে পরাজিত হয় উরুগুয়ে। সে তুলনায় ব্রাজিল নিজের মাঠের সুবিধা পেয়ে মেক্সিকো, জাপান ও ইটালিকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। নেইমার তিন খেলায় সমানসংখ্যক গোল করে ব্রাজিলের সাফল্যের পথ রচে দেন। শুধু তাই নয় বার্সেলোনাগামী এই তারকা দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক ফুটবলেও অনন্য এক উচ্চতায় তুলে এনেছেন নিজেকে। উরুগুয়ের লিভারপুল স্ট্রাইকার লুই সুয়ারেজও তিন গোল করে বর্তমানে ফর্মে আছেন। ২৬ বছর বয়সী এই তারকা তাহিতির বিরুদ্ধে দুবার গোল করে ফোরল্যানকে ছাড়িয়ে দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন। ফোরল্যান এর আগে নাইজেরিয়ার বিরুদ্ধে এক গোল করেন। এদিকে ব্রাজিলের গোলরক্ষক জুলিও সিজার উরুগুয়েকে গুরুত্বের সাথে দেখার ব্যাপারে সতীর্থদের সাবধান করে দিয়েছেন। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন,‘আক্রমণের দিক থেকে তারা খুবই শক্তিশালী এবং খেলার ভাগ্য গড়ে দেয়ার ক্ষমতা রাখে। আমি তাদের ভালভাবেই জানি এবং তাই আমাদের সতর্ক থাকতে হবে। খুবই সামান্য একটা ঘটনাতেও খেলার ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে।’ প্রতিযোগিতায় এখন পর্যন্ত ব্রাজিল ও স্পেনের ভাল ফলাফলের পরও সিজার বিশ্বাস করেন যে কেউ শিরোপা জিততে পারে। এমনকি উরুগুয়েও। তার মতে-‘কেউই ফেবারিট নয়। ২০১১ সালের কোপা আমেরিকা জয়ী হিসেবে তারাও আত্মবিশ্বাসী থাকবে।’ দু’দল সর্বশেষ ২০০৯ সালের জুনে মুখোমুখি হয়েছিল। ব্রাজিল বিশ্ব কাপের ওই খেলায় ৪-০ গোলে জয়ী হয়।