চাপ নিতে প্রস্তুত গার্দিওলা

আপডেট : ২৫ জুন ২০১৩, ২২:০০
কোচের কাজ মানেই বিশাল দায়িত্ব। আর দলটি যখন বায়ার্ন মিউনিখের মতো ট্রেবল জয়ী ক্লাব, তখন চাপের মাত্রাটা বেশি হওয়াই স্বাভাবিক। গত সোমবার জার্মান ক্লাবটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েই, চাপ থাকার কথা স্বীকার করে নিলেন স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা। আর জানালেন বাভারিয়ানদের হয়ে চাপ নিতে প্রস্তুত তিনি। বার্সেলোনার হয়ে চার বছরে ১৪টি ট্রফি জিতে এর মধ্যেই কোচ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন গার্দিওলা। আর চাপের কথা স্বীকার করে নিজেকে মানিয়ে নেয়ার জন্য কিছু সময় চাইলেন গার্দিওলা, ‘একটি দল যখন চারটি শিরোপা জয় করে, তখন তাদের মধ্যে পরিবর্তনের আর কিছু নেই। দলটি যথেষ্ট ভাল। আমি তাদের মধ্যে এই ভাল ফুটবলের ধারা ধরে রাখার চেষ্টা করবো। প্রত্যেক কোচেরই আলাদা দর্শন আছে। আমি সবার কাছ থেকে দলের সাথে মানিয়ে নেয়ার জন্য কিছু সময় চাইছি। আমার পক্ষে যা করা সম্ভব সেটাই করবো আমি। এটাই আমার চাকরি। আমি আগেও বলেছি, আমার উপর এখন আকাশ-সমান চাপ। কিন্তু এখানে আসতে পেরে আমি সন্তুষ্ট আর চাপ নিতে প্রস্তুত। বায়ার্ন মিউনিখের সাথে গার্দিওলার চুক্তি তিন বছরের। বার্সেলোনার কোচের দায়িত্ব ছাড়ার পর থেকেই বেশ আলোচিত ছিলেন। সবার ধারণা ছিল ইংল্যান্ডে দেখা যাবে তাকে। গার্দিওলা নিজেও এমন আভাস দিয়েছিলেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বায়ার্ন মিউনিখে যাবার সিদ্ধান্ত নিলেন তিনি। কেন দল হিসেবে বায়ার্নকে বেছে নিলেন? সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বায়ার্ন বিশ্বের ইতিহাসে অন্যতম সেরা একটি দল। দলে বেশ ভাল কিছু ফুটবলার আছে। বার্সেলোনায় কাটানো সময়গুলো ছিল অসাধারণ। তবে এখন আমি বায়ার্নে, আর দলটির হয়ে নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি। বায়ার্ন মিউনিখ আমাকে এই সুযোগ করে দেয়ায় তাদের প্রতি আমি কৃতজ্ঞ।