ব্যবসায়ীদের দাবি অনুযায়ী ভ্যাট আইনে পরিবর্তন হচ্ছে :অর্থমন্ত্রী

আপডেট : ১১ মে ২০১৯, ২২:২৮

ব্যবসায়ীরা যেভাবে চাচ্ছে, সে অনুযায়ী নতুন ভ্যাট আইন পরিবর্তন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, এখনো বাস্তবায়ন শুরু হয়নি। বাস্তবায়ন শুরুর আগেই কীভাবে বলবো আইনটি বাস্তবায়নে প্রস্তুতি নেই। গতকাল শনিবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের সঙ্গে বাজেট নিয়ে বৈঠকের এক পর্যায়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আগামী বাজেটে সম্ভাব্য পরিবর্তন নিয়ে তিনি এনবিআর কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা দেন। এ সময় এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়াসহ প্রতিষ্ঠানটির বাজেট সংশ্লিষ্ট ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন ভ্যাট আইন বাস্তবায়নে ব্যবসায়ীদের বিভিন্ন দাবিকে যথাযথ গুরুত্ব না দেওয়া, এনবিআরের প্রস্তুতির ঘাটতি এবং  আইনটি বাস্তবায়ন হলে মূল্যস্ফীতি বাড়তে পারে বলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পক্ষ থেকে সম্প্রতি উদ্বেগ জানানো হয়। ইস্যটি নিয়ে সম্প্রতি এনবিআরে একটি চিঠিও পাঠায় এফবিসিসিআই। এ পরিপ্রেক্ষিতে গতকাল ওই ইস্যুতে কথা বললেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, পৃথিবীর কোনো দেশ রাতারাতি ভ্যাট আইন পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে পারে নি। আগে ভ্যাটের সিঙ্গেল বা একক রেট  করা হয়। তা নিয়ে ব্যবসায়ীদের আপত্তির পরিপ্রেক্ষিতেএকাধিক রেট করা হচ্ছে ।

এ সময় জিডিপি’র প্রবৃদ্ধি নিয়ে সম্প্রতি একাধিক গবেষণা প্রতিষ্ঠানের বক্তব্যের জবাব দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, অনেকেই অনুমানের ভিত্তিতে কথা বলেন। আমি তাদের চ্যালেঞ্জ করে বলছি। আমি বা বিবিএস যে তথ্য দিচ্ছে, সেটা যে সঠিক তা প্রমাণ করে ছাড়ব। বিশ্ব ব্যাংক-আইএমএফ-এডিবি আমাদের প্রশংসা করছে। আর আমাদের এখানকার কয়েকজন সেটা মেনে নিচ্ছে না বা মেনে নিতে পারছে না। এসব সংগঠনের কাজই সরকারের সমালোচনা করা। এটা তাদের বাত্সরিক রুটিন হয়ে গেছে। তিনি বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান কানাডার সমান। ব্লুমবার্গের একটি বিশ্লেষণের কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী অর্থবছর বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৬ শতাংশ। আর সেই প্রবৃদ্ধিতে দশমিক ৯ শতাংশ অবদান রাখবে বাংলাদেশের অর্থনীতি। কানাডা অবদান রাখবে ১ শতাংশ। থাইল্যান্ড-স্পেনও ১ শতাংশ করে অবদান রাখবে। সে তথ্যের ভিত্তিতেই আমি বলছি, প্রবৃদ্ধিতে আমরা কানাডার সমান। স্পেন-থাইল্যান্ডের সমান। আর এটা আমার কথা নয়, আইএমফের কথা। বিশ্বব্যাংকের কথা।