এবার চালু হচ্ছে আন্তঃঅপারেটর এমএমএস

আপডেট : ২৫ জুন ২০১৩, ২২:৪২
এক সময় একটি মোবাইল ফোন অপারেটার থেকে অন্য অপারেটারে কল যেত না। এই বাধা দূর হওয়ার পর অন্য অপারেটারে এসএমএস যেত না। এখন সে বাধাও দূর হয়েছে। কিন্তু প্রযুক্তির এই যুগে এখনো বাধা রয়েছে পৃথক অপারেটারে মাল্টিমিডিয়া মেসেজিং সার্ভিসের (এমএমএস) ক্ষেত্রে। কিন্তু শেষ পর্যন্ত এই বাধা দূর করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গত সোমবার সব (৬টি) অপারেটারকে চিঠি দিয়ে এক মাসের মধ্যে আন্তঃঅপারেটার এমএমএস সার্ভিস চালু করার নির্দেশ দিয়েছে প্রতিষ্ঠানটি। ২৪ জুলাইয়ের মধ্যে চুক্তিসহ আনুষঙ্গিক যা যা করা দরকার তার সবকিছু করতে হবে। বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের পরিচালক লে. কর্নেল রাকিবুল হাসানের স্বাক্ষর করা ওই চিঠি গত সোমবার অপারেটারগুলোর কাছে পাঠানো হয়। বিটিআরসির একজন কর্মকর্তা ইত্তেফাককে বলেন, অপারেটারদের সঙ্গে বিটিআরসি এই সার্ভিস চালু করার ব্যাপারে কথা বলেছে। কোম্পানিগুলো বিটিআরসির সহযোগিতা চাইলে তাও করা হবে।