বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, জাতীয় সংসদে অশ্লীল বক্তব্যের জন্য জরিমানার প্রস্তাব সমর্থন করবে বিএনপি। অনেকদিন পর আমরা সংসদে গেলেও শুরু থেকে সংসদ কার্যকর রাখার কথা বলেছিলাম এবং সেজন্য পরিবেশ তৈরি করতে স্পিকারের প্রতি আহ্বান জানিয়েছিলাম। কিন্তু স্পিকারের ভালো একটি রুলিংয়ের পরও সরকারি দলের এমপিরা আমাদের দলের নেতাদের কটূক্তি করে বক্তব্য দিচ্ছেন। তারা পারলে আমরা কেন বক্তব্য দিতে পারবো না। কিন্তু এখন তাদেরই একজন অশালীন বক্তব্যের জন্য ৩০ হাজার টাকা জরিমানার যে প্রস্তাব দিয়েছেন তা আমরা সমর্থন করি।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে ফ্রি থিংকারস ফোরাম আয়োজিত নারায়ণগঞ্জে ভারতীয় কনটেইনার টারমিনাল:কার স্বার্থে শীর্ষক আলোচনাসভায় তিনি একথা বলেন।
নারায়ণগঞ্জে ভারতীয় কনটেইনার টারমিনাল স্থাপনে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইডে টেন্ডার দেয়ায় সরকারের পররাষ্ট্রনীতি নিয়ে প্রশ্ন তুলে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, বাংলাদেশে কি কোনো পত্রিকা নেই, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কি কোনো ওয়েবসাইড নেই? ভারতের সঙ্গে আমরা বন্ধুত্ব চাই, কিন্তু জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে নয়। সরকার এখনো বলেনি কেন ভারতের ওয়েবসাইডে তা প্রকাশ করা হলো। এটি করে বাংলাদেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে।
মওদুদ বলেন, চার সিটি করপোরেশন নির্বাচনে হারের পর সরকার এখন গাজীপুর নিয়ে মারমুখী হয়ে গেছে। মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমকে ডেকে নিয়ে বসিয়ে দেয়া হয়েছে। এটা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন কিনা তা নির্বাচন কমিশন দেখবে। আমরা বলেছি কমিশন সরকারের আজ্ঞাবহ। কিন্তু তাদের সাহস থাকলে কি অবস্থায়, কেন, ভয় দেখিয়ে জাহাঙ্গীরকে বসিয়ে দেয়া হয়েছে তার বিচার করলে আমরা বুঝবো কমিশন স্বাধীন। নির্দলীয় সরকার ছাড়া সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি ও ১৮ দল অংশ নেবে না ।
দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এলডিপির সিনিয়র যুগ্ম-মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমাতুল্লাহ প্রমুখ।
