যশোরে সিগারেট খাওয়া নিয়ে বিরোধে যুবক খুন আহত ৩

আপডেট : ২৫ জুন ২০১৩, ২২:৪৬
সিগারেট খাওয়া নিয়ে বিরোধের জের ধরে যশোরের সুজলপুর গ্রামের উজ্জল (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের এ হামলায় নিহত উজ্জলের পিতা ও চাচাসহ তিনজন আহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ১০টার দিকে যশোর সদর উপজেলার সুজলপুর জামতলা মোড়ে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন উজ্জলের বাবা তেলু খা (৪৮), চাচা মোশাররফ (৪৫) ও পথচারী ঝিকরগাছার কৃষ্ণনগর গ্রামের জাহিদ (২৫)। সূত্র জানায়, দুদিন আগে সুজলপুর জামতলা মোড়ে বড়দের সামনে প্রকাশে সিগারেট খাওয়া নিয়ে প্রতিবাদ করায় মারপিটের শিকার হন বাপ্পী নামে এক যুবক। এ নিয়ে এলাকায় বিরোধ সৃষ্টি হয়। পরবর্তীতে রবিবার সন্ধ্যায় একই এলাকার গোলাম, জাকারিয়া, শরিফসহ একদল দুর্বৃত্ত ওই ঘটনার জের ধরে উজ্জলসহ কয়েকজনকে হুমকি দেয় এবং বোমার বিস্ফোরণ ঘটায়। বোমাবাজির ঘটনা পুলিশ জানতে পেরে এলাকায় গিয়ে খোঁজ-খবরও নেয়। কিন্তু পুলিশ এলাকা ছেড়ে চলে যাওয়ার পর রাত ১০টার দিকে ওই দুর্বৃত্তরা ফের জামতলা মোড়ে হামলা চালায়। এ সময় হতাহতের ঘটনা ঘটে। আহতরা হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। এদের মধ্যে তেলু খাঁর অবস্থা আশঙ্কাজনক।