সাইবার নিরাপত্তায়ও বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহারের উদ্যোগ

আপডেট : ১১ মে ২০১৯, ২২:৩২

বাণিজ্যিক কাজে ব্যবহারের পাশাপাশি বঙ্গবন্ধু স্যাটেলাইট দেশে সাইবার নিরাপত্তায়ও কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে আর্থিক খাতে অপরাধ নিয়ন্ত্রণে স্যাটেলাইটকে ব্যবহারের উপর গুরুত্ব দিচ্ছে সরকার। বাংলাদেশের ব্যাংকগুলোকে স্যাটেলাইটের ব্যান্ডউইথ ব্যবহারে   উদ্বুদ্ধ করতে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। বেসরকারি একটি ব্যাংক ইতোমধ্যে তার সবগুলো শাখা ও এটিএম বুথকে এই স্যাটেলাইটের ব্যান্ডউইথ ব্যবহার করে চালানোর আগ্রহ দেখিয়েছে। তারা প্রস্তাবও দিয়েছে স্যাটেলাইট কোম্পানির কাছে। এ বিষয়ে ইতিবাচক আলোচনা হচ্ছে বলে ইত্তেফাককে জানিয়েছেন বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।

আজ এক বছর পূর্ণ হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উেক্ষপণের। ২০১৮ সালের ১১ মে রাত ২টা ১৪ মিনিটে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে উেক্ষপণ করে মহাকাশ প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান স্পেস এক্স। আগামী ১৫ বছরের জন্য মহাকাশে থাকবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। তবে অনুষ্ঠান হবে ১৯ মে, হোটেল লা মেরিডিয়ানে। ব্যস্ততার কারণে এ অনুষ্ঠানে থাকতে পারছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর যাত্রার শুরুতেই বাংলাদেশের সবগুলো টিভি চ্যানেল এই স্যাটেলাইট থেকে সেবা নেওয়ার ব্যাপারে চুক্তি করেছে। আজ রবিবার থেকে তারা বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়ে সম্প্রচার শুরু করবে। তবে ঘোষণা হবে ১৯ মে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান থেকে।

টেলিভিশন চ্যানেলগুলো বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে কীভাবে সেবা নিচ্ছে জানতে চাইলে একটি বেসরকারি টিভি চ্যানেলের প্রধান বলেন, ‘আমাদের অফিসের উপর যে ডিশ আছে সেটা দিয়েই এতদিন আমরা স্যাটেলাইটে ডকুমেন্টগুলো পাঠিয়ে দিতাম। এখন বঙ্গবন্ধু স্যাটেলাইট সি ব্যান্ডের না হওয়ার কারণে বেশকিছু সমস্যা পোহাতে হবে। প্রথমত আমাদের অফিসের উপরে যে আর্থ স্টেশন আছে এটা দিয়ে আমরা চালাতে পারব না। স্যাটেলাইট কর্তৃপক্ষ যেটা করেছে, আমাদের আর্থ স্টেশন থেকে ক্যাবল দিয়ে সংযোগ নিয়েছে গাজীপুরের গ্রাউন্ড স্টেশনে। সেখান থেকে তারা স্যাটেলাইটে পাঠাচ্ছে। এভাবেই সবগুলো টিভি চ্যানেল থেকে ডকুমেন্ট যাচ্ছে। এতে ক্যাবল কাটা যাওয়ার ঝুঁকি থাকে। যদিও বিকল্প তিনটি লাইন করা হয়েছে।