চীনে পুলিশ স্টেশনে হামলা ২৭ জন নিহত

আপডেট : ২৬ জুন ২০১৩, ২১:২২
চীনের অশান্ত পশ্চিমাঞ্চলীয় সিনজিয়াং অঞ্চলে সশস্ত্র সংঘবদ্ধ একটি দল পুলিশ স্টেশন ও সরকারি ভবনে হামলা চালালে ২৭ জন নিহত হয়। বুধবার পুলিশের সঙ্গে সহিংসতায় নিহতের এই ঘটনা ঘটে বলে সিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে। মুসলিম উইগুর সমপ্রদায়ের বড় অংশের বসবাস এই অঞ্চলে। ২০০৯ সালের জুলাইয়ে আঞ্চলিক রাজধানী উরুমকিতে আদিবাসী চীনাদের সঙ্গে জাতিগত ও সামপ্রদায়িক দাঙ্গায় জড়িয়ে পড়লে প্রায় ২০০ জন নিহত হয়। তখন থেকেই অঞ্চলটিতে নিয়মিতই সহিংসতার ঘটনা ঘটে চলেছে। সিনহুয়া জানিয়েছে, উরুমকির ১২০ মাইল দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রত্যন্ত শহর লুককুনে সকাল ৬টার দিকে এই হামলা চালানো হয়। সশস্ত্র দলটি ছুরি নিয়ে লুককুনের পুলিশ স্টেশন, স্থানীয় সরকারের একটি ভবন ও একটি নির্মাণাধীন এলাকায় অতর্কিত হামলা চালায়। তারা লোকজনকে ছুরিকাহত করে এবং পুলিশের যানবাহনে আগুন ধরিয়ে দেয় বলে আঞ্চলিক কমিউনিস্ট পার্টির কর্মকর্তাদের উদ্ধৃত করে সিনহুয়া জানিয়েছে। হামলায় ৯ পুলিশ ও নিরাপত্তাকর্মী এবং ৮ জন সাধারণ মানুষ নিহত হয়। হামলাকারীদের মোকাবিলায় পুলিশ গুলি চালালে ১০ হামলাকারী নিহত হয়। তবে ঠিক কি কারণে এই হামলা চালানো হয়েছে সে বিষয়টি পরিষ্কার নয়। তুর্কিভাষী উইগুর মুসলিম সমপ্রদায়ের অনেকের অভিযোগ, চীনা সরকার তাদের সংস্কৃতি, ভাষা ও ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। তবে এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে চীন।