উত্তরাখণ্ডে ১০ দিন ধরে বিপন্ন মানুষকে উদ্ধার করতে করতে এবার হেলিকপ্টারই ভেঙে পড়ে গেলেন ১৯ জন উদ্ধারকারী। এই নিয়ে দ্বিতীয়বার উদ্ধার করার কপ্টার ভেঙে পড়ার ঘটনা ঘটল। গত রবিবার ভেঙে পড়েছিল একটি বেসরকারি সংস্থার হেলিকপ্টার। মঙ্গলবার বিমানবাহিনীর এম আই ১৭ ভি ফাইভ হেলিকপ্টার ভেঙে পড়ল। ব্যারাকপুরের এই হেলিকপ্টারটি গৌচার থেকে কেদারনাথে যাওয়ার পথে ভেঙে পড়ল গৌরাকুণ্ডের উত্তরে। মঙ্গলবার ফের মেঘভাঙা বৃষ্টি নামে। সেই বৃষ্টি ও কুয়াশার মধ্যেই হেলিকপ্টারটি ভেঙে পড়ে। হেলিকপ্টারে ছিলেন ন্যাশনাল ডিজাস্টার রিজার্ভ ফোর্স, আইটিবিপি ও বিমানবাহিনীর সেনা ও আধা-সেনা জওয়ানরা। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান এম শশীধর রেড্ডি জানিয়েছেন, এখনও পর্যন্ত আটটি মৃতদেহ পাওয়া গেছে। রুদ্রপ্রয়াগের এসপি বারিন্দারজিত্ সিং জানিয়েছেন, দুর্ঘটনার কারণ না জানা গেলেও খারাপ আবহাওয়াই মূলত দায়ী। সকাল থেকে দু’বার ওড়ার পর তৃতীয়বার উড়ে রাশিয়ায় নির্মিত হেলিকপ্টারটি ভেঙে পড়ে। পিটিআই সংবাদ সংস্থার উদ্ধৃতি দিয়ে বর্তমান পত্রিকার খবরে একথা বলা হয়। প্রবল বৃষ্টিতে সারাদিনই উদ্ধার কাজ ব্যাহত হয় উত্তরাখণ্ডে। তবে এর মধ্যেও উদ্ধার কাজ চলবে বলে জানিয়ে দিয়েছে বিমানবাহিনী। ১০ দিন কেটে যাওয়ার পর জলে জঙ্গলে ছড়িয়ে থাকা মৃতদেহ পচতে শুরু করেছে।
