জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ওবামার প্রস্তাব

আপডেট : ২৬ জুন ২০১৩, ২১:২৩
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, যুক্তরাষ্ট্রে গ্রিন হাউস গ্যাস নিঃসরণের পরিমাণ কমাতে বিস্তর প্রস্তাবমালা ঘোষণা করেছেন। জলবায়ুর পরিবর্তনের প্রভাব এবং জলবায়ু পরিবর্তনের ওপর একটি নতুন চুক্তি করার লক্ষ্যে তিনি এসব প্রস্তাব ঘোষণা করেন। ওয়াশিংটনে একটি বিশ্ববিদ্যালয়ে তিনি বলেন যুক্তরাষ্ট্র প্রথমবারের মত পাওয়ার স্টেশনগুলো থেকে গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ সীমিত করবে। যেটা গ্রিন হাউস গ্যাস নিঃসরণের অন্যতম কেন্দ্র। ওয়াশিংটনের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন- আমি একজন প্রেসিডেন্ট, একজন বাবা ও একজন আমেরিকান হিসেবে বলতে চাই আমাদের কিছু করা প্রয়োজন। মি.ওবামা সেসময় গত একবছরে যুক্তরাষ্ট্রে যে বন্যা, তাপদাহ, খরা ও ঝড় আঘাত হেনেছে সেগুলোর কথা উল্লেখ করেন। তিনি এখানে বলছিলেন বায়ু ও পানিতে আমরা বিষাক্ত রাসায়নিক যেমন মারকারি, সালফার, আর্সেনিকের পরিমাণ কমিয়ে এনেছি। কিন্তু বিদ্যুত্ উত্পাদন কেন্দ্রগুলোতে এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে কার্বন নিঃসরণ হচ্ছে যেটা বায়ুকে একেবারে বিনামূল্যে দূষিত করছে। সেটা ঠিক নয়, নিরাপদও নয়। তাই এটা থামানো দরকার। তিনি যে প্রস্তাবগুলো ঘোষণা করেন তার মধ্যে অনেকগুলো পদক্ষেপের মধ্যে রয়েছে কার্বন নিঃসরণ কমানো, জ্বালানির ব্যবহার হ্রাস করা এবং জলবায়ু পরির্বতনের প্রভাব মোকাবেলা করার জন্য প্রস্তুত হওয়া।