ভঙ্গুর ইতালির সামনে অজেয় স্পেন

আপডেট : ২৬ জুন ২০১৩, ২১:২৮
স্পেন দলের ব্যাপারে নতুন করে বলার কিছু নেই। গত চারবছর ধরে যে ফর্ম ধরে রেখে খেলছে তাতে কনফেডারেশন কাপের শুরু থেকেই ফেবারিটের তালিকায় ছিল তারা। আর টুর্নামেন্টের শুরু থেকেই নিজেদের নামের সাথে সদাচরণ করে যাচ্ছে স্প্যানিশরা। গ্রুপ পর্যায়ের সবগুলো ম্যাচ জিতে ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালের তো উঠেছেই, সাথে বিপক্ষের জালে বলও গড়িয়েছে ১৫ বার। আর টানা তিনটি বড় টুর্নামেন্টের (একটি বিশ্বকাপ ও দু’টি ইউরো চ্যাম্পিয়নশিপ) শিরোপা জয়ী দলটির বিপক্ষে জয় পাওয়া যেকোন দলের পক্ষেই মোটামুটি দুঃসাধ্য এক কাজ। ফোরতালেজায় আজ কনফেডারেশন্স কাপের ফাইনালে এই স্পেনের প্রতিপক্ষ ইতালি। মূল দুই তারকা আন্দ্রে পিরলো ও মারিও বালোতেল্লির ইনজুরিতে অনেকটা জোড়াতালি দেয়া দল নিয়েই মাঠে নামতে হবে তাদের। শুরু থেকেই স্পেনের উপর চোখ ছিল ফুটবল বোদ্ধাদের। আর গ্রুপ পর্যায়ের ম্যাচগুলোতে বিশ্বজয়ী দলটির সামনে দাঁড়াতেই পারেনি প্রতিপক্ষরা। উরুগুয়ের বিপক্ষে ২-১ গোলের জয় দিয়ে শুরু, এরপর নাইজেরিয়ার বিপক্ষে হেসেখেলে ৩-০ গোলের জয়, আর সর্বশেষ তাহিতিকে ফুটবল খেলা শিখিয়ে ১০ গোলের বন্যায় ভাসানো; কনফেডারেশন্স কাপে এই সবই পাওয়া গেছে স্পেনের ফুটবলে। আর এর মধ্যদিয়েই টানা ২৮টি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়লো ভিসেন্তে দেল বস্কের দল। অন্যদিকে স্পেনের মতো ইতালির সেমিফাইনালে আগমন এতোটা দাপুটে ছিল না। সর্বশেষ ব্রাজিলের বিপক্ষে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে ৪-২ গোলে হারের ম্যাচে দলটির মাঝ মাঠের দুর্বলতা স্পষ্ট হয়ে উঠে। এর আগের ম্যাচে জাপানের বিপক্ষেও হারতে হারতে ৪-৩ গোলে কোনমতে জয় নিশ্চিত করে আজ্জুরিরা। প্রথম ম্যাচে ২-১ গোলে হারিয়েছে মেক্সিকোকে। আর আগের ম্যাচগুলোর ইতিহাস থেকেও আজকের ম্যাচে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে বড় প্রতিপক্ষ হয়ে উঠবে ইনজুরি। মাংস পেশির ব্যাথার কারণে ব্রাজিলের বিপক্ষে শেষ ম্যাচেও খেলেননি জুভেন্টাস তারকা আন্দ্রে পিরলো। আর এই ম্যাচে তাদের সংকট বাড়িয়ে দিয়েছে স্ট্রাইকার বালোতেল্লির ইনজুরি। টুর্নামেন্টে এখন পর্যন্ত দুই গোল করা এসি মিলানের এই স্ট্রাইকার ইনজুরিতে আক্রান্ত হয়ে গত পরশুই দেশের বিমান ধরেছেন। তার স্থানে সিজার প্রাণদেল্লির দলে শুরু দেখা যেতে পারে অ্যালবার্টো গিলারডিনোকে। আর ইতালিয়ান পত্রিকা লা গ্যাজেট্টা ডেলো জানিয়েছে ৩-৫-২ ফর্মেশনে কোন পরিবর্তন আনছেন কোচ প্রাণদেল্লি। এমন সংকটময় পরিস্থিতিতেই স্পেনের বিপক্ষে ‘প্রতিশোধ’ মিশনে নামছে ইতালি। প্রতিশোধই তো! গত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে এই ইতালিকেই ৪-০ গোলে বিধ্বস্ত করে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে স্পেন। ইনজুরি জর্জরিত ইতালির ঠিক বিপরীত অবস্থানেই আছে স্পেন দলটির ফিটনেস। টুনামেন্টের সর্বোচ্চ গোলদাতা ফার্নান্দো তোরেসের সাথে আজ শুরু থেকেই ইনজুরি কাটিয়ে ফিরছেন রবার্তো সোলদ্যাদো। সেস ফ্রাব্রেগাসও দলে ফিরবেন বলে দলের পক্ষ থেকে আশাবাদ জানানো হয়েছে। এতো অসমতার ম্যাচে একদিক থেকে কিন্তু দারুণ মিল। ঐতিহাসিক দিক বিবেচনা করলে এগিয়ে থাকবে না কোন দলই। ১৯২৪ সালের পর থেকে এখন পর্যন্ত ২৭ বার মুখোমুখি হয়েছে দল দু’টি। আর তাতে দু’টি দলই জিতেছে আটটি করে ম্যাচ। অমীমাংসিতভাবে শেষ হয়েছে ১১ টি ম্যাচ।