আগামীকাল সোমবার থেকে ঢাকা-দিল্লি-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট আবারো চালু হচ্ছে। সপ্তাহে শনি, সোম ও বৃহস্পতিবার এই তিনদিন ঢাকা থেকে ভারতের রাজধানীতে ফ্লাইট যাবে। একমাত্র বিমান বাংলাদেশই এই রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। কাল এ ফ্লাইটের উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী মাহবুব আলী।
প্রায় পাঁচ বছর ঢাকা-দিল্লি রুটে বিমান বাংলাদেশের ফ্লাইট বন্ধ ছিল। ২০১৪ সালের ২৩ আগস্ট থেকে বিমান এই রুটে ফ্লাইট বন্ধ করে দেয়। বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, ১৬২ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে ঢাকা-দিল্লি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। এতে আছে ১২টি বিজনেস ও ১৫০টি ইকোনমি ক্লাস আসন। এই রুটে নতুন করে ফ্লাইট চালু উপলক্ষে ১৫ শতাংশ ছাড়ও দিয়েছে বিমান। ঢাকা-দিল্লি-ঢাকা রুটে রিটার্ন (আসা-যাওয়া) টিকিট একমাস মেয়াদে ইকোনমি ক্লাসের ক্ষেত্রে ট্যাক্স ছাড়া সর্বনিম্ন ৩০০ ডলার এবং একবছর মেয়াদে টিকিটের ক্ষেত্রে ট্যাক্স ছাড়া সর্বনিম্ন ৩২০ ডলার ভাড়া নির্ধারণ করা হয়েছে।
ভালো আছেন পাইলট শামীম,
দ্রুতই বাসায় ফিরবেন
মিয়ানমারে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুর্ঘটনায় পড়া বিমানের পাইলট শামীম নজরুলের শারীরিক অবস্থা এখন আগের চেয়ে ভালো। চেকআপ শেষে তিনি দ্রুতই হাসপাতাল থেকে বাসায় ফিরে যাবেন। ওই দুর্ঘটনায় আহত হন পাইলট শামীম। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান জানান, পাইলট শামীম নজরুল সিএমএইচে চিকিত্সা নিচ্ছেন। তার আঘাত গুরুতর নয়। চেকআপ শেষে তিনি দ্রুত বাসায় ফিরতে পারবেন।’ শুক্রবার রাতে একটি বিশেষ ফ্লাইটে পাইলট শামীমসহ ১০ জন যাত্রী, কেবিন ক্রু ও গ্রাউন্ড ইঞ্জিনিয়ার দেশে ফেরেন। এরপর শামীমকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।
