তুরস্কের ক্লাব ফেনেরবাখকে দুই মৌসুমের জন্য ইউরোপীয় ফুটবল থেকে বহিষ্কার করা হয়েছে। ঘরোয়া লিগে ম্যাচ পাতানোর কেলেঙ্কারিতে জড়িত থাকার কারণে গত মঙ্গলবার রাতে এই শাস্তির কথা জানায় ইউরোপীয় ফুটবলের নিয়ামক সংস্থা উয়েফা।
শুধু ফেনেরবাখই নয়; তুরস্কের আরেক দল বেসিকতাসকেও এক মৌসুমের জন্য নিষিদ্ধ করার কথা জানিয়েছে উয়েফা। এক বিবৃতিতে বলা হয়-২০১১ সালে ঘরোয়া ফুটবলকে কাঁপিয়ে দেয়া এক কেলেঙ্কারির সাথে সংশ্লিষ্টতার কারণেই নিষেধাজ্ঞা দুটি বলবত করা হলো।
ফেনেরবাখ সর্বশেষ মৌসুমে তুরস্কের লিগে দ্বিতীয় স্থান অধিকার করায় চ্যাম্পিয়ন্স লিগের বাছাইয়ে তৃতীয় রাউন্ডে খেলার কথা ছিল। কিন্তু এখন তারা সুযোগটি হারালো। একই ভাবে বেসিকতাস বাদ পড়ছে ইউরোপা লিগ থেকে।
