পিরোজপুরের নদ নদীতে পানি বৃদ্ধি

আপডেট : ২৬ জুন ২০১৩, ২১:৫২
জেলার বিভিন্ন নদ-নদীতে ব্যাপকভাবে পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল তলিয়ে গেছে। নদী অববাহিকার চর এলাকা ও চরখালী-টগড়া ফেরিঘাট পানিতে নিমজ্জিত হয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপজনিত কারণে পূর্ণিমা তিথিতে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় এ দুর্যোগ পূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে। মঠবাড়িয়ার মাঝেরচর, খেতাচিড়া, কচুবাড়িয়া, উলুবাড়িয়া, ভোলমারা প্রভৃতি এলাকার বাড়িঘরের মধ্যে পানি উঠেছে। এসব এলাকায় বেড়িবাঁধ বিহীন ও ভাঙ্গা বেড়িবাঁধের কারণে ফসলী জমিও প্লাবিত হয়েছে। ভাণ্ডারিয়ার জুনিয়া, হরিণপালা, তেলিখালী, বোথলা, হেতালিয়া, চরখালী, নদমুলা, জিয়ানগরের টগড়া, সাউদখালীর চর, সেউতিবাড়িয়া, চরবলেশ্বর, কলারণ, খোলপটুয়া, সদরের চিথলিয়া, গাজীপুর প্রভৃতি গ্রামের বাড়িঘরেও পানি উঠেছে। জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় টগড়া ফেরিঘাটের দোকানপাটেও পানি উঠেছে।