নওগাঁয় অনাবৃষ্টির কারণে আউশচাষ ব্যাহতের আশঙ্কা

আপডেট : ২৬ জুন ২০১৩, ২১:৫৩
বৃষ্টিনির্ভর আউশ ধান চাষের সময় বৃষ্টি না হওয়ায় নওগাঁয় ধান উত্পাদনে লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমানের কৃষকরা ইরি-বোরো ধানের দাম ভালো পাওয়ায় জেলার কৃষকরা আউশ ধানচাষের দিকে ঝুঁকে পড়লেও অনাবৃষ্টির কারণে অনেকেই এ ধানচাষে আগ্রহ হারিয়ে ফেলেছে। চলতি মৌসুমে অনাবৃষ্টির কারণে জেলার ১১টি উপজেলায় শত শত বিঘা জমি পড়ে থাকায় খাদ্য উদ্বৃত্ত নওগাঁয় খাদ্য হ্রাস হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় চলতি বর্ষা মৌসুমে ৫১ হাজার ৪শ’ ৩৪ হেক্টর জমিতে আউশ ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কৃষকরা জানান, বর্ষা মৌসুমে অনাবৃষ্টির কারণে জেলার অনেকই ধান চারা রোপণ করতে পারেনি। এ ছাড়াও যেসব জমিগুলোতে চলতি মৌসুমে ধানচাষ করা হয়েছে সে সব জমিতে অতিরিক্ত সেচ দেয়ার ফলে উত্পাদন খরচ বৃদ্ধি হওয়ায় কৃষকদের লাভ হবে না। নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এসএম নুরুজ্জামান জানান, গত বছরের চেয়ে চলতি জুন মাসে মাত্র ১ মিলিমিটার বৃষ্টিপাত কম হয়েছে। বৃষ্টিপাত শুরু হলে আউশ ধান রোপণ ত্বরান্বিত হবে। ইরি-বোরো ধানের চেয়ে আউশ ধানচাষ লাভজনক। ধান রোপণ যদি অব্যাহত থাকে তাহলে লক্ষ্যমাত্রা অর্জন হবে বলে জানালেন এ কর্মকর্তা।