বাগেরহাটে বিসিকসহ বিস্তৃর্ণ এলাকা জোয়ারে প্লাবিত

আপডেট : ২৬ জুন ২০১৩, ২১:৫৪
অস্বাভাবিক জোয়ারের পানিতে বেড়িবাঁধ উপচে বাগেরহাট শহর, বিসিক শিল্প নগরী, মংলা পৌরসভা, মোড়েলগঞ্জ পৌরসভা ও শহরতলির বেশকিছু এলাকা প্লাবিত হয়েছে। বুধবার দুপুরে জোয়ারের পানিতে এসব এলাকা প্লাবিত হয়। জোয়ারের পানিতে বাগেরহাট শহর সংলগ্ন ভৈরব নদের তীরে গড়ে ওঠা বিসিক শিল্প নগরী, খ্রিষ্টানদের বসবাসের জন্য নির্মিত মারিয়া পল্লীর শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়ে। এদিকে নদীতে পানির চাপ বেড়ে যাওয়ায় বাগেরহাটের চারটি উপজেলার পানি উন্নয়ন বোর্ডের দু’টি পোল্ডারের বেড়িবাঁধের অন্তত সাত কিলোমিটার ঝুঁকির মধ্যে রয়েছে। এসব স্থান যেকোন সময়ে ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশংকা দেখা দিয়েছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, বাগেরহাট শহররক্ষা বাঁধের গেট থেকে পানি প্রবেশ করে শহরের মেইনরোড, পুরাতন পোস্টঅফিস, ডাকবাংলো ঘাট, লঞ্চঘাট, রাহাতের মোড়, কাজী নজরুল ইসলাম সড়ক, বাসাবাটি, নাগেরবাজার ও হাড়িখালী এলাকা পানিতে তালিয়ে গেছে। সদর উপজেলার গোবরদিয়া গ্রামে গিয়ে দেখা যায়, মারিয়া পল্লীর শতাধিক ঘরবাড়ি জোয়ারের পানিতে তালিয়ে গেছে। ঘরের সামনে পানি জমে রয়েছে। বাগেরহাট শহরের উপর দিয়ে বয়ে যাওয়া ভৈরব নদে জোয়ারের পানি চার ফুট পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বাগেরহাট শহরের বিভিন্ন রাস্তাঘাটও প্লাবিত হয়েছে। শহর রক্ষা বাঁধের স্লুইসগেটগুলো সুরক্ষিত না হওয়ায় জোয়ারের পানি শহরে ঢুকে পড়ছে বলে শহরের ব্যবসায়ী ও বাসিন্দারা দাবি করেছেন। জোয়ারের পানি শহরে ঢুকে পড়ায় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে দারুণ ভোগান্তিতে পড়তে হয়েছে। ক্ষুদ্র ও কুটির শিল্প নগরীর বাগেরহাটের ভারপ্রাপ্ত উপ-ব্যবস্থাপক হাজরা সিদ্দিকুর রহমান এই প্রতিবেদককে বলেন, গত দু’দিনের জোয়ারের পানিতে বাঁধ উপচে পানি ঢুকে বিসিক শিল্প নগরীর রাস্তাঘাট তালিয়ে গেছে। এতে বিসিক শিল্প নগরীর কল-কারখানায় পানি না উঠলেও রাস্তাঘাটের দারুণ ক্ষতি হচ্ছে। বেড়িবাঁধটি উঁচু করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।