বিকাশ কর্মী হত্যার প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ২৬ জুন ২০১৩, ২১:৫৪
নীলফামারীর সৈয়দপুরে ছিনতাইকারীর হাতে বিকাশ কর্মী হাবিব হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে গতকাল বুধবার সকালে সর্বস্তরের মানুষ ও ব্যবসায়ীরা বিক্ষোভ করে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে। পরে বিক্ষোভকারীরা ছিনতাইকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে অবস্থান গ্রহণ করে। জানা যায়, মোবাইল ফোন কোম্পানি রবির বিকাশ কর্মচারি হাবিব (২৩) কে মাথায় গুলি করে গত ২৩ জুন ২২ লাখ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এসময় গুলিতে আরেক কর্মচারি সোহেল (২৭) ও পথচারি শামীম (৫৫) গুরুতর আহত হয়। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হলে থানা পুলিশ উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের জানেরপাড় এলাকা থেকে হত্যাকাণ্ডের পরদিন সাইদুল ইসলাম (২৭) নামে এক গরু চোরকে সন্দেহভাজন হিসাবে গ্রেফতার করে। পুলিশ সুপার আলমগীর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত আসামিদের গ্রেফতারের আশ্বাস দিলেও এখনো এই ঘটনায় জড়িত কাউকে পুলিশ ধরতে না পারায় এখানকার মানুষ ফুঁসে উঠেছে।