ভূঞাপুরের গোবিন্দাসী টি-রোডে ট্রান্সফরমার বিকল হওয়ায় ৪ গ্রাম এক মাস ধরে বিদ্যুত্ বিহীন রয়েছে। ফলে প্রচণ্ড গরমে গ্রাহকের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। বিদ্যুত্ না থাকায় রাতের বেলায় ব্যবসায়ীদের মাঝে ডাকাত আতঙ্ক বিরাজ করায় দেশের অন্যতম বৃহত্ গোবিন্দাসী গরুর হাটের বেচা-কেনাও অনেক কমে এসেছে। পোল্ট্রি ব্যবসায় নেমে এসেছে ধস। জানা যায়, উপজেলার গোবিন্দাসী টি-রোডের ২০০ কেভি ট্রান্সফরমারটি গত ২৬ মে বিকল হয়ে যায়। একমাস অতিবাহিত হলেও নতুন কোন ট্রান্সফরমার স্থাপন না করায় ওই ট্রান্সফরমারের আওতায় রাউত্বাড়ি, কুকাদাইর, গোবিন্দাসী ও জিগাতলা গ্রামের একাংশে ৫০০ গ্রাহক চরম ভোগান্তির শিকার হচ্ছে। প্রচণ্ড গরমে পোল্ট্রি ব্যবসায় নেমে এসেছে ধস। ইতিমধ্যে ২০টি খামারে সহস্রাধিক বাচ্চা মারা গেছে। পরে টাকা ঘুষ দিয়েও ট্রান্সফরমার না পেয়ে স্থানীয় জনতা গত ১০ জুন বিদ্যুত্ অফিসের সহকারি প্রকৌশলীসহ ৫ কর্মচারীকে দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.হেলালুজ্জামান সরকার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম দ্রুত ঘটনাস্থলে এসে ট্রান্সফরমার স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে উদ্ধার করে। তবে কবেনাগাদ ট্রান্সফরমারটি স্থাপন করা হবে সে বিষয়ে কিছু বলেননি।
