দীর্ঘ ১ মাস ৫ দিন কারাভোগের পর গত সোমবার যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও রংপুর জেলা সভাপতি রইচ আহমেদ, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা সম্পাদক আনিসুর রহমান লাকু, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহফুজ-উন-নবী ডন, জেলা যুবদলের সহ-সভাপতি তারেক হাসান সোহাগ, সাংগঠনিক সমপাদক শামসুল হক ঝন্টু, জেলা ছাত্রদলের সভাপতি জহির আলম নয়ন, যুবদল কর্মী আরিফ হোসেন মুক্তি পেয়েছেন। সোমবার সন্ধ্যায় রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে তারা জামিনে মুক্তি পান। যুবদল ও ছাত্রদলের শীর্ষ নেতাদের মুক্তির পর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা নগরীতে ব্যাপক শো-ডাউন করে। শীর্ষ এই ৭ নেতা কারাগার থেকে মুক্ত হওয়ার পর সন্ধ্যায় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শত শত নেতাকর্মী তাদের ফুল ছিটিয়ে ও ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান। পরে মোটর সাইকেল শোভাযাত্রায় ও ট্রাকে মিছিলসহকারে আনন্দ শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
