আজ বৃহস্পতিবার ফরিদপুরের নির্ভীক সাংবাদিক গৌতম দাস হত্যা মামলার রায় করবেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক শাহেদ নূরউদ্দীন। গত এক যুগে দেশের কোন সাংবাদিক হত্যা মামলার এটিই প্রথম রায় হতে যাচ্ছে।
ফরিদপুর শহরের মুজিব সড়কের সংস্কার ও পুনঃনির্মাণ কাজের দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ২০০৫ সালের ১৭ নভেম্বর ভোরে সন্ত্রাসীরা সমকালের ফরিদপুর ব্যুরো অফিসে ঢুকে ব্যুরো প্রধান সাংবাদিক গৌতমকে হত্যা করে তত্কালীন ক্ষমতাসীন দলের স্থানীয় সমর্থনপুষ্ট সন্ত্রাসীচক্র। ওইদিনই সমকালের স্থানীয় প্রতিনিধি হাসানউজ্জামান বাদী হয়ে কোতোয়ালী থানায় হত্যা মামলা করে। গত ১৯ এপ্রিল রায়ের তারিখ ঘোষণার পর জামিন বাতিল হওয়ায় ৯ আসামির মধ্যে ৮ জন হাজতে আছে। আসামি এ্যাপোলো বিশ্বাস আদালতে অনুপস্থিত থাকায় তাকে পলাতক ঘোষণা করা হয়। আসামি আসাদ, এ্যাপোলো ও বাবু হত্যাকাণ্ডের সাথে নিজেদের সম্পৃক্ততা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। ২০০৬ সালের ২৮ আগস্ট ফরিদপুর থেকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়া হয়। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাংবাদিক সমাজে বহু প্রতীক্ষিত রায়টি হতে যাচ্ছে ।
