শাহজাদপুর উপজেলার পোরজনা এম এন উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষার শিক্ষক রামপদ নন্দী (উত্তম) (৩৮) সপ্তম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ওই শিক্ষককে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি ঘটেছে গত রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায়। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আমজাদ হোসেন ও প্রধান শিক্ষক ওয়ারেছ আলীর সঙ্গে কথা বলে জানা গেছে গত ১৬ জুন প্রাচীন বিদ্যাপীঠ পোরজনা এম এন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী বিকালে প্রথম সাময়িক পরীক্ষা দিতে স্কুলে আসে। পরীক্ষা শুরুর পূর্বে ছাত্রী গরমের কারণে স্কুলের বারান্দায় দাঁড়িয়ে থাকে। এ সময় লম্পট শিক্ষক রামপদ নন্দী তার গায়ে হাত দিয়ে পাশের একটি ফাঁকা রুমে গিয়ে বাতাসে বসতে বলে। ওই ছাত্রী শিক্ষকের কথা শুনে সরল বিশ্বাসে উক্ত রুমে গিয়ে বসে। এর কিছুক্ষণ পর লম্পট শিক্ষক উক্ত রুমে প্রবেশ করে ছাত্রীকে ঝাপটে ধরে। এ সময় কৌশলে ছাত্রীটি শিক্ষকের কাছ থেকে ছুটে চিত্কার করে রুমের বাইরে বেরিয়ে আসে এবং সঙ্গে সঙ্গে বান্ধবীদের নিয়ে স্কুলের প্রধান শিক্ষককে ঘটনা খুলে বলে। স্কুলের প্রধান শিক্ষক ওয়ারেছ আলী ঘটনাটি মোবাইলে স্কুলের সভাপতি আমজাদ হোসেনকে অবহিত করলে তিনি ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক প্রতিনিধি ও প্রধান শিক্ষককে নিয়ে জরুরি বৈঠক করে রামপদ নন্দীকে সাময়িকভাবে বরখাস্ত করেন এবং বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার রাসেল সাবরিনকে অবহিত করেন। অভিযুক্ত শিক্ষক উপজেলা নির্বাহী অফিসারের নিকট ঘটনার সত্যতা স্বীকার করেন। এরপর উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে লম্পট শিক্ষককে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন। এদিন পুলিশ রাত ৮টায় লম্পট শিক্ষককে জেলহাজতে পাঠায়।
