সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৬ জুন ২০১৩, ২১:৫৯
বিরামপুরে শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্যোগে বিরামপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫জন শিক্ষককে ১৫ দিনব্যাপী আইসিটি স্কিল্ড প্রশিক্ষণ বুধবার থেকে শুরু হয়েছে। উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার রোখসানা বেগম। বক্তব্য রাখেন, কোর্স কো-অর্ডিনেটর ও মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এম,জিন্নাহ, সহকারী প্রোগ্রামার নূরে আলম সিদ্দিকী, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ও ফারুক-ই-আজম, প্রশিক্ষণার্থী মিজানুর রহমান। ধামরাইয়ে ভূমিহীন পরিবার পুনর্বাসিত ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ গতকাল বুধবার ভূমিহীনদের পুনর্বাসন প্রকল্পের আওতায় উপজেলার সূতিপাড়া ইউনিয়নের ছোট কালামপুরের আশ্রয়ণ প্রকল্প এবং সানোড়া ইউনিয়নের আদর্শ গ্রামের প্রায় দেড়শত ভূমিহীন পরিবারকে পুনর্বাসনপূর্বক তাদের বাড়ির দলিল বুঝিয়ে দেয়া হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমার ব্যবস্থাপনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এবং বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেহানা আক্তার। ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও সমাবেশ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি\ কমিউনিটি হেলথ প্রোভাইডারদের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশন। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. আবু সাঈদ, সরাইল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুসা খান। পাঁচবিবিতে স্বাস্থ্য সচেতনতায় সেমিনার পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা \ গতকাল বুধবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর গ্রামে মশা-মাছিবাহিত রোগ ও তার প্রতিরোধ বিষয়ক স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। আশা পাঁচবিবি ব্রাঞ্চ আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন আশা ম্যানেজার রায়হানুল আলম। উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল আলম সেলিম ও আশার জেলা ম্যানেজার দ্বিজেন্দ্র নাথ দাস, এরিয়া ম্যানেজার সফিকুল ইসলাম, ব্রাঞ্চ ম্যানেজার আতিকুর রহমান প্রমুখ। দৌলতপুরে দুই ছিনতাইকারী গ্রেফতার দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও আন্তঃজেলা মোটর সাইকেল চোর সিন্ডিকেটের হোতা আলতাবকে তার এক সহযোগীসহ গ্রেফতার করেছে দৌলতপুর থানা-পুলিশ। মঙ্গলবার পুলিশ উপজেলার বোয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও আন্তঃজেলা মোটর সাইকেল চোর সিন্ডিকেটের হোতা আলতাব (৩৫) কে গ্রেফতার করে। সে বোয়ালিয়া গ্রামের গোলাম রহমানের ছেলে। এরপর পুলিশ আদাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে মজিরুদ্দিনের ছেলে ও আলতাবের সহযোগী আনারুল (৪৮) কে গ্রেফতার করে। এদের বিরুদ্ধে থানায় সন্ত্রাসী, চাঁদাবাজি মোটর সাইকেল চুরি ও ছিনতাইয়ের ১০/১২টি মামলা আছে। রংপুর পুলিশ সমাবেশ রংপুর প্রতিনিধি \ রংপুর জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ২০১৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রংপুর পুলিশ লাইন্স মাঠে ওই সমাবেশ। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার পিপিএম মার্চপাষ্টের সালাম গ্রহণ করেন ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এর আগে তিনি বেলুন ও পায়রা অবমুক্ত করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। মতলবে মিল্কভিটার দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র উদ্বোধন মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা \ বাংলাদেশ দুগ্ধ উত্পাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্কভিটা) মতলবে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার চাঁদপুর মতলব উত্তর উপজেলার মোহনপুরে মিল্কভিটার দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধন করেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। মহেশপুরে এক যুবকের লাশ উদ্ধার মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ বুধবার মহেশপুর থানা-পুলিশ উপজেলার যুগিহুদা ভালাইপুর পাড়ার কপোতাক্ষ নদের পাড়ের একটি কলাবাগান থেকে ইলিয়াস আলী (৩২) নামের এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন জানান, সে উপজেলার যুগিহুদা গ্রামের ভালাইপুরপাড়ার হেকিম মুন্সির ছেলে । রংপুরে ভূমি দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ রংপুর প্রতিনিধি \ রংপুরে ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করে জমি দখলের হুমকির প্রতিবাদে গতকাল বুধবার বিক্ষোভ সমাবেশ ও বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেছে ভূমিহীনরা। নগরীতে বের হওয়া বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারীবাজার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখেন, ভূমিহীন ছাইফুল ইসলাম, আছিয়া খাতুন, জাহেদা বেগম, ইদ্রিস আলী, সাবেরা খাতুন প্রমুখ। জীবননগরে হাইজিন বিষয়ক মহিলা সমাবেশ জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ গতকাল বুধবার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা পরিষদ হলরুমে ওয়াটার, স্যানিটেশন ও হাইজিন বিষয়ক একদিনের এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে ফলপ্রসূ ও স্থায়ীত্বকরণের জন্য পানি ব্যবস্থাপনা ও স্যানিটেশন কার্যক্রমে গ্রামীণ মহিলাদের সম্পৃক্তকরণ ও ক্ষমতায়নের কৌশল শেখানো হয়। সমাবেশে ইউএনও সাজেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা। চৌদ্দগ্রামে ইংরেজি ও গণিত শিক্ষকদের কর্মশালা চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বুধবার ইংরেজি ও গণিত বিষয়ের দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষকদের এক কর্মশালা অনুষ্ঠিত হয়। জেএসসি ও এসএসসি পরীক্ষায় শতভাগ পাস এবং ফলাফলের গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে ‘বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতি চৌদ্দগ্রাম’ এর আয়োজন করে। ঝিনাইদহে কিশোরী ও তরুণী মেলা ভ্রাম্যমাণ প্রতিনিধি \ গতকাল বুধবার ঝিনাইদহে কিশোরী ও তরুণী মেলা অনুষ্ঠিত হয়। ‘অধিকার সচেতনতা ও আয় বৃদ্ধিমূলক কর্মসূচির মাধ্যমে ‘কিশোরী ও তরুণীদের ক্ষমতায়ন’ এ শ্লোগানকে সামনে রেখে পুরাতন ডিসি কোর্ট চত্বরে এ মেলা আয়োজন করে বে-সরকারি সংস্থা ওয়েলফেয়ার এ্যাফোর্টস (উই)। ঝিনাইদহ জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম এ মেলা উদ্বোধন করেন। ফেনীতে বৃক্ষমেলা উদ্বোধন পরশুরাম (ফেনী) সংবাদদাতা\ ফেনী জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৭দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা বুধবার শহরের শহীদ জহির রায়হান মিলনায়তন মাঠে শুরু হয়েছে। বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা র্যালি উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার। কাউখালীতে মহিলা পরিষদের প্রশিক্ষণ কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা \ গতকাল বুধবার পিরোজপুরের কাউখালীতে মহিলা পরিষদ কেন্দ্রীয় কার্যালয়ের উদ্যোগে কাউখালী সাংগঠনিক জেলা শাখার সহযোগিতায় কাউখালী সদর ইউনিয়ন শাখার সংগঠকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কাউখালী প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে প্রশিক্ষণে বক্তৃতা করেন, মহিলা পরিষদ কেন্দ্রীয় পরিষদের সদস্য সুনন্দা সমদ্দার, সাংগঠনিক সম্পাদক লীলা রায়। চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর ইউপির বাজেট চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৫নং মহারাজপুর ইউনিয়ন পরিষদের ২০১৩-২০১৪ অর্থবছরের জন্য ৯৯ লাখ ৪২ হাজার ৮৫৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উন্মুক্ত পরিবেশে এই বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদ সচিব মৃণাল কান্ত পাল। বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ।