এমএস এগ্রিকালচার বা এমএজিএড খোলার আবেদন

আপডেট : ২৬ জুন ২০১৩, ২২:১৬
যে সমস্ত শিক্ষার্থী বিভিন্ন কারণে নিয়মিত শিক্ষা নিতে সক্ষম নয় তারা এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে নিজেদের প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত করার সুযোগ পায়। ১৯৯১ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইনের ২৩ (১) ধারার ক্ষমতাবলে এর সদর দপ্তর গাজীপুরে ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয় স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (সার্ড)। যা কৃষি ও গ্রামীণ উন্নয়ন বিষয়ক দেশের একমাত্র দূরশিক্ষা বিদ্যাপীঠ। কিন্তু দুঃখের বিষয় হলো বিএজিএড-এর পরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আর কোনো কৃষিভিত্তিক কোর্স নেই। তাই যে শিক্ষার্থীরা বিএজিএড পাস করেছে তারা আর পড়াশোনা করার সুযোগ পাচ্ছে না। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএজিএডের পরে মাস্টার্স অব সায়েন্স ইন এগ্রিকালচার (এমএস এগ্রিকালচার) অথবা এমএজিএড কোর্স খোলা হলে বিএজিএড পাস করা শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবে এবং দেশকে অর্থনৈতিক দিক থেকে উন্নতি করতে সক্ষম হবে। তাই ঐ কোর্সটি চালু করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ করছি। মো. মোখলেছুর রহমান খান, গ্রাম: বাঘিয়া, ডাকঘর: কাশিপুর, বিমান বন্দর, বরিশাল