ড. মিজানের পদত্যাগ দাবি করেছেন মির্জা ফখরুল

আপডেট : ২৬ জুন ২০১৩, ২২:৫৬
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গুলিতে পঙ্গু কিশোর লিমন হোসেনের পক্ষে-বিপক্ষে দায়ের করা মামলা প্রত্যাহারে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমানের দেয়া মধ্যস্থতা প্রস্তাবের তীব্র ক্ষোভ, নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে ড. মিজানুর রহমানের নীতিহীনতার জন্য জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের পদ থেকে তার পদত্যাগ দাবি করেছেন মির্জা ফখরুল। গতকাল বুধবার এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, র্যাবের গুলিতে পা হারানো লিমনের পরিবারকে মামলা তুলে নিতে মধ্যস্থতার প্রস্তাব দিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিজেই চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করেছেন। এই কমিশন যে স্বাধীন ও নিরপেক্ষ নয় তা আবারো প্রমাণিত হলো। মানবাধিকারের নামে শুধুই উচ্চ কলরব করে প্রকারান্তরে তিনি সরকারের অপকর্মগুলোকে আড়াল করার চেষ্টা করছেন। তিনি বলেন, র্যাবের গুলিতে লিমন পা হারিয়েছে আবার লিমনের নামে মিথ্যা মামলা দায়ের করে লিমনের পরিবারকে হুমকি ধামকি দেয়া হচ্ছে মামলা তুলে নেয়ার জন্য। তার পরিবারকে সর্বদা ভয়ভীতির পরিবেশের মধ্যে রাখা হয়েছে। কিন্তু এ বিষয়ে কমিশনের চেয়ারম্যান দুঃসহ আতঙ্কের মধ্যে দিনযাপনকারী লিমনের পরিবারের মানবাধিকার রক্ষা ও ন্যায় বিচার নিশ্চিত না করে মধ্যস্থতার প্রস্তাব দিয়ে অন্যায়ের পক্ষাবলম্বন করেছেন। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে কারচুপি হলে সেখান থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা সিটি করপোরেশনের ৫৬ নং ওয়ার্ড সাবেক কমিশনার চৌধুরী আলম নিখোঁজের তিন বছর পুর্তিতে গতকাল জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন শাহবাগ থানা বিএনপির আহ্বায়ক আবু এহসান ননি তালুকদার। এ সময় ঢাকা মহানগর বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও ছোট মেয়ে নাফিজা আক্তার মনিকা, দুই ছেলে হিমু ও শাওন উপস্থিতি ছিলেন। বক্তব্য দেন যুগ্ম-মহাসচিব বরকতুল্লাহ বুলু, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা মহানগর বিএনরি যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, ডেমরা থানা বিএনপি সভাপতি নবী উল্লাহ নবী, চৌধুরী আলমের বড় মেয়ে মাহফুজা আক্তার মুক্তা প্রমুখ।