বাঁধ নির্মাণের দাবিতে ভোলায় জনতার বিক্ষোভ ৫টি ইউনিয়ন প্লাবিত

আপডেট : ২৬ জুন ২০১৩, ২২:৫৯
প্রবল জোয়ারে ভোলা সদরের শহর রক্ষা বাঁধ সংলগ্ন ধনিয়া, ইলিশা ও কাঁচিয়া এলাকার পাঁচটি ইউনিয়ন মেঘনার পানিতে প্লাবিত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ হাজার হাজার মানুষ গতকাল বুধবার ভোলা-লক্ষ্মীপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে অবরোধ করে কয়েকটি বাস ও সড়কের আশপাশের ছোটখাট কয়েকটি স্থাপনা ভাংচুর করে। বিক্ষুব্ধ এলাকাবাসী পরে মিছিল নিয়ে ভোলা শহরে জেলা প্রশাসকের কার্যালয়ে নদী ভাঙ্গন প্রতিরোধ ও বাঁধ নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান করে। এদিকে গতকাল সরেজমিনে ঘুরে দেখা গেছে, ধনিয়া, কাঁচিয়া ও ইলিশা এলাকায় শত শত বাড়িঘরে কোমর সমান পানি। গত মঙ্গলবার রাত থেকে ওইসব ঘরে রান্নাবান্না হয়নি। মহাসেনের আঘাতে এ এলাকাগুলো এর আগে প্লাবিত হয়েছিল। ৫ কিলোমিটার এলাকায় বাঁধ না থাকায় এবং নির্মাণাধীন বাঁধ ভেঙ্গে পূর্ণিমার জোয়ারে মঙ্গলবার রাত থেকেই হুহু করে পানি ঢুকে। সদর উপজেলা চেয়ারম্যান ফজলুল কাদের মজনু মিয়া জানান, অবিলম্বে জমি অধিগ্রহণ করে বাঁধ নির্মাণ করা হবে।