যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ যেসব বাণিজ্য-সুবিধা পেয়ে থাকে, তা স্থগিত রাখার জন্য গতকাল মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছেন নয় জন ডেমোক্র্যাট সিনেটর। বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলোতে নিরাপত্তা ও কাজের পরিবেশের অগ্রগতি হওয়ার আগ পর্যন্ত এ সুবিধা স্থগিত রাখার আহ্বান জানানো হয়। খবর বিবিসি ও রয়টার্স-এর। গত এপ্রিলে সাভারে রানা প্লাজা ধসে এক হাজার ১০০ জনেরও বেশি শ্রমিক নিহত হওয়ার দুই মাস পর মার্কিন সিনেটররা প্রেসিডেন্ট ওবামার কাছে এই আহ্বান জানালেন। ডেমোক্র্যাট সিনেটররা বলেন, ‘বাংলাদেশের জন্য অগ্রধিকারমূলক বাজার-সুবিধা (জিএসপি) স্থগিত এবং সে দেশের পোশাক কারখানাগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা বিধান করাসহ শ্রম আইন সংশোধনের জন্য রোডম্যাপ তৈরি ও এর জন্য সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে আমরা ওবামা প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।’ বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা স্থগিত করা হবে কি না, সে বিষয়ে চলতি মাসেই প্রেসিডেন্ট ওবামার সিদ্ধান্ত নেয়ার কথা। ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর শ্যারড ব্রাউন নয় সিনেটরের পক্ষে বিবৃতি দেন।
