নদী ভাঙ্গনে নাগেশ্বরীর পাঁচ শতাধিক পরিবার নিঃস্ব

আপডেট : ২৭ জুন ২০১৩, ২০:৩৮
নাগেশ্বরীতে পানি বাড়ার সাথে সাথে বিভিন্ন নদ-নদীতে দেখা দিয়েছে ভাঙ্গন। গত এক সপ্তাহে দুধকুমর, গঙ্গাধর ও ব্রহ্মপুত্রের ভয়াবহ ভাঙ্গনে ৮ ইউনিয়নের প্রায় ৫ শতাধিক পরিবার ভিটেমাটি হারিয়ে খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছে। প্রমত্তা দুধকুমর ভাঙছে বামনডাঙ্গার চর, রহমানেরকুটি, চরলুছনি, তেলিয়ানী, মালিয়ানী, মুড়িয়া, রায়গঞ্জের দামালগ্রাম, ধাউরারকুটি, পাঁচমাথা, মিনাবাজার। বেরুবাড়ী ইউনিয়নের খেলারভিটা গ্রাম ও চর বেরুবাড়ীর কিছু অংশ। কালীগঞ্জ ইউনিয়নের সিএন্ডবি বাঁধের শুরু থেকে দক্ষিণে প্রায় দেড় কিলোমিটার, সিএন্ডবি বাধের উত্তর-পশ্চিমের গ্রাম কুমরিয়ারপাড়ের অর্ধেক ও ধনীরপাড় গ্রামের বেশির ভাগ অংশ ইতোমধ্যে গিলে খেয়েছে। ব্রহ্মপুত্র ও গঙ্গাধর মিলে ভাঙছে বল্লভেরখাস ইউনিয়নের প্রাণ কেন্দ মাদারগঞ্জ বাজার। ইতোমধ্যে গোঁসাই মন্দির, মাদারের পাঠসহ বিভিন্ন স্থাপনা বিলিন হয়ে গেছে। হুমকির মুখে পড়েছে মাদারগঞ্জ উচ্চ বিদ্যালয় ও বিজিবি ক্যাম্প।