নড়াইলের লোহাগড়া ও গাইবান্ধার সুন্দরগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে পাষণ্ড স্বামী। এ বিষয়ে আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর।
লোহাগড়া(নড়াইল): লোহাগড়ায় যৌতুকের দাবিতে স্বামী তার স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, উপজেলার শামুকখোলা গ্রামের সাবু আলী খানের ছেলে স্বপনের সাথে প্রায় এক বছর আগে ঢাকার আমিনবাজারের বড়দেশী এলাকার মৃত সেবুল খানের কন্যা শামীমা আক্তারের বিয়ে হয়। নিহতের বড় বোন লিপি বেগম জানান, বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে স্বপন তার স্ত্রীর উপর অমানুষিক নির্যাতন চালাতো। বুধবার গভীর রাতে স্বপন তার স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে। প্রতিবেশীরা সকালে এসে শামীমার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
সুন্দরগঞ্জ(গাইবান্ধা): গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার পশ্চিম রাজিবপুর গ্রামে স্বামী স্ত্রীকে পিটিয়ে হত্যার এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। জানা যায়, ওই গ্রামের শরফ উদ্দিনের পুত্র আ. মালেকের সঙ্গে তার স্ত্রী ২ সন্তানের জননী জোবেদার গত ৫/৬ মাস থেকে পারিবারিক কলহ চলে আসছিল। এজন্য আ. মালেক জোবেদাকে প্রায়ই মারপিটসহ বিভিন্নরকম অত্যাচার করত। ঘটনার রাতে জোবেদাকে মারপিট করে তার শরীরের বিভিন্ন জায়গায় জখমসহ গরম লোহা দিয়ে ছ্যাঁকা দেয় মালেক। এতে গৃহবধু মৃত্যুর কোলে ঢলে পড়ার উপক্রম হলে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করে। বুধবার জোবেদার ভাই আশেক আলী বাদি হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
