হত্যা মামলায় নেত্রকোনায় সাত জনের যাবজ্জীবন

আপডেট : ২৭ জুন ২০১৩, ২০:৪২
নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আব্দুল হামিদ চাঞ্চল্যকর জিয়াউর রহমান হত্যা মামলার ৭ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন নেত্রকোনা সদর উপজেলার কলাপাড়া গ্রামের হাবিবুর রহমান ওরফে লাল মিয়া, আব্দুল আওয়াল, মোঃ হারুন মিয়া, আবুল কালাম ওরফে কালা মিয়া, আব্দুল মন্নাফ, মোঃ হবি মিয়া ও মোঃ মজিবুর রহমান। ১০ বছর মামলা চলার পর বুধবার এই রায় প্রদান করা হয়। মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, বিলে পেতে রাখা মাছ ধরার জাল ছিঁড়ে ফেলায় কলাপাড়া গ্রামের হাবিবুর রহমান ওরফে লাল মিয়ার নেতৃত্বে আসামিরা বিগত ২০০৪ সালের ২৬ জুলাই বাহাজউদ্দিনের বাড়িতে সশস্ত্র হামলা চালিয়ে তার স্ত্রী সোনাজান, পুত্র শাহজাহান ও জিয়াউর রহমান এবং তার ভাই আব্দুস সাত্তারকে বেধড়ক মারপিট করে মারাত্মক আহত করে। এর মধ্যে জিয়াউর রহমানের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ২৮ জুলাই জিয়াউর রহমান চিকিত্সাধীন অবস্থায় মারা যায়।