মিসরের ক্ষমতা গ্রহণের এক বছরের মাথায় বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি বলেছেন, রাজনীতিতে মেরুকরণই গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তার শাসনামলে তিনি বেশকিছু ভুল করেছেন স্বীকার করে তিনি মিসরের চলমান সমস্যার জন্য কিছু মানুষকে সমস্যা হিসাবে উল্লেখ করেন। মুরসিবিরোধী হাজারো জনতা এদিন তাহরির স্কয়ারে বসে তার দেয়া টেলিভিশন ভাষণ শোনেন।
মুরসি বলেন, রাষ্ট্রপ্রধান নয়, মিসরের একজন নাগরিক হিসাবে আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। গত এক বছরে সরকারের সাফল্য-ব্যর্থতার মূল্যায়ন তুলে ধরতে চাই। আমরা যেসব পরিকল্পনা হাতে নিয়েছিলাম তার বেশিরভাগই সফলভাবে করতে পারলেও অনেক কিছুই অর্জিত হয়নি। বেশকিছু ক্ষেত্রে আমার ভুল হয়েছে।
তবে দেশটির রাজনীতি নিয়ে বিভক্তি আমাদের গণতন্ত্রকে হুমকির মুখে ফেলবে যা কিনা সমগ্র জাতিকে বিশৃঙ্খল পরিস্থিতির মুখোমুখি করবে। এসময় তিনি রাজনীতিতে বিভক্তি সৃষ্টির জন্য একটি গ্রুপকে দেশের শত্রু হিসাবে আখ্যায়িত করেন। দেশের এসব শত্রুরা গণতন্ত্রকে নস্যাত্ করতে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে তিনি যোগ করেন।
এদিকে ভাষণের কয়েক ঘন্টা আগে কায়রোর উত্তরের শহর মানসুরাতে মুরসির সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে এবং আহত হয়েছে দুই শতাধিক। এর আগে সকাল থেকেই সেনাবাহিনী মিসরের বড় বড় শহরগুলোতে সেনা মোতায়েন করতে শুরু করে। মুরসির ক্ষমতা গ্রহণের দিন ৩০ জুন মুরসিবিরোধীরা বিক্ষোভ করার ঘোষণা দেয়ার পর থেকেই সরকার শহরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
