ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টি লিগে নটিংহ্যামশায়ারের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে সাকিব আল হাসানের চলতি মৌসুমের কাউন্টি অভিযান। এবার অবশ্য আর পুরানো দল উস্টারশায়ারের হয়ে নয়; এবার বিশ্বের অন্যতম সেরা এই বাংলাদেশী অলরাউন্ডার লড়বেন নতুন দল লিস্টারশায়ারের হয়ে। আর নতুন দলের হয়ে নিজে ভালো করার ব্যাপারে এবং দলের সাফল্যের ব্যাপারে খুবই আশাবাদী। বিবিসিকে দেয়াকে এক সাক্ষাত্কারে সাকিব বলছেন, তিনি ও তার সতীর্থরা খেলাটা উপভোগ করতে চান এবং উপভোগ করতে পারলেই সাফল্য আসবে বলে নিশ্চিত তিনি।
জাতীয় দলের হয়ে বা ঘরোয়া ক্রিকেটে সাকিবের সাফল্য সব সময়ই ঈর্ষণীয়। বিদেশী খেলোয়াড় হিসেবে প্রথম কাউন্টি খেলতে গিয়ে উস্টারের হয়ে বা আইপিএলের কলকাতা নাইট রাইডার্সের হয়েও দারুণ সাফল্য পেয়েছেন তিনি। আর এই সবকিছুর মূলে উপভোগ করাকেই বড় কৃতিত্ব দিয়েছেন সাকিব, ‘টি-টোয়েন্টি খেলাটাই হলো খেলা উপভোগের জন্য। সেটা করতে পারলে সাফল্য এমনিতেই আসে।’
শুধু নিজেকে নিয়ে নয়, তারকাখচিত লিস্টার দল নিয়েও আশাবাদী সাকিব। আজই একটা শুভসূচনা করার জন্য তার দল মুখিয়ে আছে বলেই বলছেন তিনি, ‘আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে চাই। দলে অনেক অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড় আছে। আমি লিস্টারের এই দলের হয়ে খেলার জন্য মুখিয়ে আছি।’
