কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পরই তার সহকারী হলেন জিনেদিন জিদান। এর মধ্য দিয়ে কোচিং ক্যারিয়ারে পথচলা শুরু হলো সাবেক এই ফরাসী তারকার। জিদানকে পাশে পেয়ে আনন্দিত আনচেলত্তি একটু মজাও করলেন, ‘ও ভালো একজন সহকারী হবে। শুধু একটি সমস্যা- ও খেলার সুযোগ পাবে না।’ আনচেলত্তির পূর্বসূরি হোসে মরিনহোর সহকারী ছিলেন এইতোর কারাঙ্কা। ফরাসি লিজেন্ড জিদান এবার তার আসনে বসছেন। এই দলে আরেকজন সহকারী থাকছেন পল ক্লেমেন্ট। ইতোমধ্যে আনচেলত্তির সঙ্গে চেলসি ও প্যারিস সেইন্ট জার্মেইনে কাজ করেছেন তিনি। রিয়ালের ম্যানেজমেন্ট টিম পূরণ করতে আসছেন ইতালিয়ান অভিজ্ঞ জিওভানি মৌরি ও জাইলস বোর্গেস। দুজনেই এসেছে পিএসজি থেকে। মৌরি দায়িত্ব নিবেন ফিটনেস কোচের। আর গোলরক্ষকদের নতুন কোচ হবেন বোর্গেস।
