আর্জেন্টিনার ফরোয়ার্ড কার্লোস তেভেজ জুভেন্তাসের সমর্থকদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। মেডিক্যাল চেকআপ এবং আনুষ্ঠানিক চুক্তিপত্রে স্বাক্ষরের জন্য গত বুধবার ইটালিতে পৌঁছেন তেভেজ।
২৯ বছর বয়সী তেভেজ মিলানের মালপেনসা বিমানবন্দরে এসে পৌঁছানোর পর শ’খানেক ভক্ত তার চারপাশ ঘিরে ছিল। এরচেয়ে বেশি সমর্থক তেভেজকে স্বাগত জানাতে অপেক্ষা করছিল তুরিনে জুভেন্তাসের সদর দপ্তরে। তেভেজ জুভেন্তাসের অফিসে প্রবেশকালে সংবাদকর্মীদের বলেন, ‘জুভেন্তাসের সাথে যুক্ত হতে পেরে আমি খুব খুশি। এটা খুবই সন্তোষজনক। জুভা এমন একটা ক্লাব যারা আমাকে খুব করে চায়।’ এছাড়া তেভেজ জানান, তিনি সিরিএ শিরোপা ছাড়াও জুভেন্তাসের হয়ে জিততে চান চ্যাম্পিয়ন্স লিগ।
জুভেন্তাসে তেভেজের জন্য চমক ছিল। তেভেজকে তারা গুরুত্বের সাথেই নিয়েছে। আর্জেন্টাইন এই খেলোয়াড়কে তারা আলেসান্দ্রো ডেল পিয়েরোর দশ নম্বর জার্সিটি তুলে দেয়। ব্যালকনিতে জার্সিটি নিয়ে তুলে ধরেন তেভেজ। ডেল পিয়েরো এক বছর আগে জুভেন্তাস ছেড়েছেন। ১৯টি মৌসুম তিনি জুভেন্তাসে ছিলেন। জুভেন্তাস টানা দুইবারের সিরিএ চ্যাম্পিয়ন। ইটালিয়ান ফুটবলে অন্যতম সফল দল। কিন্তু শীর্ষস্থানীয় কোন ফরোয়ার্ড ছাড়াই তারা দুইবার চ্যাম্পিয়ন হয়েছে। শুধু ডেল পিয়েরোই নন; দশ নম্বর জার্সি পরে জুভেন্তাসে এর আগে খেলেছেন মিশেল প্লাতিনি এবং রবার্তো ব্যাজিও। ম্যানচেস্টার সিটি গত মঙ্গলবার জুভেন্তাসের কাছে তেভেজকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয় বোনাসসহ এক কোটি ২০ লাখ পাউন্ডে।
জুভেন্তাস গত বুধবার জানায়, তেভেজ তিন বছরের চুক্তিতে সম্মতি জানায়। গতকালই চুক্তির আনুষ্ঠানিকতা হয়ে যাওয়ার কথা রয়েছে। ইটালির সংবাদ মাধ্যম জানায়, চুক্তিটি হতে পারে ৭.২ মিলিয়ন ডলারেরও বেশিতে।
জুভেন্তাসে যোগ দেয়ার মাধ্যমে তেভেজের সাথে ইংল্যান্ডের সাত বছরের সম্পর্ক ছিন্ন হলো। ২০০৬ সালে তিনি ওয়েস্টহ্যামে যোগ দিয়েছিলেন। এরপর তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে আসেন ২০০৭ সালে। ২০০৯ সালে তেভেজ যোগ দেন সিটিতে। সিটিতে তেভেজ ছিলেন চার বছর। তেভেজের নৈপুণ্যে ২০১১ সালে সিটি ইংলিশ প্রিমিয়ার লিগ এবং এফএ কাপ জয় করে।
