পদোন্নতিতে বিশেষ ব্যাচকে প্রাধান্য নয়

আপডেট : ২৭ জুন ২০১৩, ২২:১৫
সরকারি কর্মকর্তাদের যোগ্যতা অনুযায়ী পদোন্নতির পাশাপাশি কোন বিশেষ ব্যাচকে প্রাধান্য না দেয়ার জন্য অনুরোধ জানিয়েছে সংসদীয় কমিটি। বুধবার জাতীয় সংসদ ভবনে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে উপ-সচিব পদ থেকে যুগ্ম সচিবদের ক্ষেত্রে পদোন্নতিতে এ পরামর্শ দেয়া হয়। সংসদ সচিবালয় জানায়, কমিটি যুগ্ম-সচিব থেকে অতিরিক্ত সচিব পর্যায়ে পদোন্নতির ক্ষেত্রে বার্ষিক গোপনীয় প্রতিবেদন বা এসিআর স্কোর ৮৮ নম্বর করার সুপারিশ করেছে। কমিটি শিক্ষা ক্যাডারে বিদ্যমান দীর্ঘ পদোন্নতি জট কমিয়ে আনতে শিক্ষা ক্যাডারের বিভিন্ন পদে কর্মরত প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের দ্রুত প্রত্যাহার করে সেখানে শিক্ষা ক্যাডারের মেধাবী ও যোগ্য কর্মকর্তাদের পদায়নের সুপারিশ করেছে। কমিটি পদোন্নতির ক্ষেত্রে বৈষম্য দূর করতে শিক্ষা ক্যাডারের জন্য সুপার নিউমারি পদ সৃষ্টির মাধ্যমে ব্যাচভিত্তিক পদোন্নতিরও সুপারিশ করে। পাশাপাশি ছাত্র-শিক্ষক অনুপাত কমিয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নতুন পদ সৃষ্টির পরামর্শ দেয়া হয়েছে। খন্দকার আসাদুজ্জামানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বরকত উল্লাহ বুলু, এইচ এন আশিকুর রহমান, এ বি এম গোলাম মোস্তফা এবং র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী অংশগ্রহণ করেন।