টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত

আপডেট : ১২ মে ২০১৯, ০০:৩৯

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফে পুলিশের মাদক বিরোধী অভিযানকালে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক কারবারি নিহত হয়েছে, আহত হয়েছে পুলিশের ৩ সদস্য। ঘটনাস্থল থেকে অস্ত্র, বুলেট ও ইয়াবা জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রের দাবি, শনিবার রাত ১টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়সহ একাধিক সংস্থার তালিকাভুক্ত মাদক কারবারি টেকনাফ সদরের উত্তর নাজির পাড়ার সোলতান আহমদের পুত্র দুদু মিয়াকে (৩৮) নিয়ে টেকনাফ মডেল থানার একদল পুলিশ মুন্ডার ডেইল-মহেশখালীয়া পাড়া বীচ উপকূলে মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানে যায়। এসময় মাদক কারবারির সহযোগী এবং পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় এএসআই সঞ্জিত দত্ত, নেজাম উদ্দিন ও কনস্টেবল ইব্রাহীম আহত হন। কিছুক্ষণ পর মাদক কারবারি সহযোগীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুদু মিয়াকে উদ্ধার করে পুলিশ, জব্দ করা হয় ৫টি দেশি অস্ত্র, ১৩ রাউন্ড কার্তুজ ও ৪ হাজার ইয়াবা। দুদু মিয়াকে চিকিত্সার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, নিহত দুদু মিয়া একাধিক সংস্থার তালিকাভুক্ত মাদক কারবারি ও অর্ধ ডজন মামলার ফেরারি আসামি ছিল। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।