যুক্তরাজ্যের লন্ডনে গত বুধবার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা আরো একটি বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। বইটির নাম পলিটিক্যাল থট অব তারেক রহমান; অ্যামপাওয়ারমেন্ট অব দ্যা গ্রাসরুট পিপলস। ইংরেজিতে লেখা বইটি বাংলাদেশ পলিসি ফোরাম ক্যামব্রিজ নামে একটি সংগঠন প্রকাশ করেছে। এদিকে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তারেক রহমান যোগ দিলেও বক্তৃতা করেননি। ২০০৮ সালে চিকিত্সার জন্য লন্ডনে আসার পর এটি তার দ্বিতীয় প্রকাশ্যে আগমন। তারেক রহমান অনুষ্ঠানে বক্তৃতা করবেন এমন প্রত্যাশায় আগ্রহীরা ভিড় জমালেও তিনি ছিলেন চুপ।
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আর্মস অডিটোরিয়ামে ফিতা কেটে বইটির মোড়ক উন্মোচন করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রাইটস অ্যান্ড জাস্টিস ডিপার্টমেন্টের সাবেক পরিচালক ফ্রান্সিস ডেভিস। তারেক রহমান দর্শক সারিতে বসে পুরো অনুষ্ঠান উপভোগ করেছেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব আশিক ইসলাম, সাংবাদিক সালেহ শিবলী প্রমুখ।
জানা গেছে, বাংলাদেশের কয়েকজন শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সাংবাদিক ও কলামিস্ট তারেক রহমানের রাজনৈতিক কর্মকাণ্ড এবং চিন্তাভাবনা নিয়ে বইটিতে নিবন্ধ লিখেছেন। এছাড়া বইটিতে যুক্তরাজ্যের মূলধারার দৈনিক ইন্ডিপেনডেন্ট ও গার্ডিয়ান পত্রিকার কলাম লেখক ডেভিড নিকলসন এবং ফ্রিল্যান্স সাংবাদিক জেমস স্মিথও তারেক রহমানকে নিয়ে কলাম লিখেছেন। বইটিতে মোট ১৭টি নিবন্ধ রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ৭ মার্চ লন্ডনে তারেক রহমানের উপর আরেকটি বই প্রকাশিত হয়। দেশ নায়ক তারেক রহমান নামে ওই বইটি প্রকাশ করে যুক্তরাজ্য বিএনপি।
