আমি থাকতে রাজনৈতিক মামলা প্রত্যাহার নয়

আপডেট : ২৭ জুন ২০১৩, ২২:৫৫
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত চেয়ারম্যান এম বদিউজ্জামান বলেন, আমি দায়িত্বে থাকাকালে দুদকের দায়ের করা রাজনৈতিক মামলা প্রত্যাহার হবে না, সেটা সরকার দলের হোক আর বিরোধী দলের হোক। সরকারের চাপে দুদকের কোনো কর্মকর্তা যদি নতি স্বীকার করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। নিজ কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, মহাজোট সরকার ক্ষমতায় এসেই রাজনৈতিক মামলা প্রত্যাহারে দুদকের কাছে সুপারিশ করেছিল। তখনও দুদক এসব মামলা প্রত্যাহার করেনি। দুদক এ সরকারের দ্বারা প্রভাবিত হয়নি, ভবিষ্যতেও হবে না। পদ্মা সেতু দুর্নীতি তদন্ত বিষয়ে তিনি বলেন, দুদক প্রতিনিধি দল কানাডায় গিয়ে যে তথ্য পেয়েছে তা পূর্ণাঙ্গ নয়। কানাডায় চলমান এ সংক্রান্ত মামলার সুরাহা হওয়ার পর পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে। তখন এ বিষয়ে পদক্ষেপ নেয়া হবে। দুদকের সাবেক চেয়ারম্যান গোলাম রহমানের করা ‘দুদক নখদন্তহীন বাঘ’ মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, আইনের দীর্ঘসূত্রিতার কারণেই তিনি এমন কথা বলেছেন। সংসদে দুদকের নতুন আইনটি সুপারিশ আকারে রয়েছে। আশা করছি খুব শীঘ্রই আইনটি পাস হবে। এ আইন পাস হলে দুদক আরও গতিশীল হবে বলে আমরা আশা করছি।