চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৫ কাউন্সিলরসহ মেয়র মাওলানা আব্দুল মতিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়ের করা একটি মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তাদের এই শাস্তি দেয়া হয়েছে বলে স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
উপ-সচিব খলিলুর রহমান স্বাক্ষরিত পৃথক ওই প্রজ্ঞাপন গত বুধবার ফ্যাক্সযোগে জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়। বরখাস্ত হওয়া কাউন্সিলররা হলেন- পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মো. জাহাঙ্গীর কবির, ৩ নম্বর ওয়ার্ডের মো. রবিউল ইসলাম রবি, ৪ নম্বর ওয়ার্ডের মো. আবুল হাসান, ৫ নম্বর ওয়ার্ডের মো. ময়েজ উদ্দিন এবং ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল বারেক। বিষয়টির সত্যতা স্বীকার করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম মাসুদুজ্জামান। তবে মামলার অভিযোগ সম্পর্কে কোন কিছু প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।
