বাংলালিংকের গ্র্যান্ডমাস্টার সিজন-৩ এর আনুষ্ঠানিক ঘোষণা

আপডেট : ২৭ জুন ২০১৩, ২৩:০৪
গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বাংলালিংক গ্র্যান্ডমাস্টার প্রতিযোগিতার তৃতীয় আসরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। সেরা অ্যাপস তৈরির নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের মধ্যে শ্রেষ্ঠত্বের এ প্রতিযোগিতা ইতিমধ্যে সারাদেশে আলোচিত ও প্রশংসিত। গ্র্যান্ডমাস্টার সিজন-৩-এর মিডিয়া পার্টনার হচ্ছে একাত্তর টিভি ও রেডিও আমার। প্রতিযোগীদের নাম অন্তর্ভুক্তকরণ কাজ গতকাল থেকে শুরু হয়েছে, চলবে ৩০ জুলাই পর্যন্ত। সম্মেলনে গ্র্যান্ডমাস্টার প্রতিযোগিতার তৃতীয় আসরের ঘোষণা দেন বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ। এতে আরো উপস্থিত ছিলেন বুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. কায়কোবাদ, নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অফ বিজনেসের ডিন প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের স্কুল অফ বিজনেসের ডিন ড. সারওয়ারউদ্দীন আহমেদ, ফিন্যান্সিয়াল এক্সেলেন্স লিমিটেডের ভাইস চেয়ারম্যান প্রফেসর মামুন রশিদ এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. মো: মূসা। প্রাথমিক উপস্থাপন পর্যায়ের পর ২৫ আগস্টের মধ্যে ২ থেকে ৪ সদস্য বিশিষ্ট ১৫টি দল বাছাই করে পরবর্তী একদিন দলগুলোকে যার যার প্রকল্প উপস্থাপনের জন্য বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হবে।- প্রেস বিজ্ঞপ্তি