রেড ক্রিসেন্টের দাবি

ইতালির পথে নৌকা ডুবে বহু বাংলাদেশির মৃত্যু

আপডেট : ১২ মে ২০১৯, ০০:৪৬

ইত্তেফাক ডেস্ক

ভূমধ্যসাগরের তিউনিশিয়া উপকূলে নৌকা ডুবে অভিবাসী প্রত্যাশী ৬০ জনের মৃত্যু হয়েছে যাদের মধ্যে অধিকাংশ বাংলাদেশি বলে দাবি করেছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রিসেন্টের তিউনিশিয়া শাখা। তবে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দুর্ঘটনার খবর জানালেও বাংলাদেশিদের মৃত্যুর বিষয়ে কিছু জানাতে পারেননি। গতকাল বিবিসি তাদের এক প্রতিবেদনে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে।

জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরা রেড ক্রিসেন্টকে জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতে লিবিয়ার উপকূল থেকে ৭৫ জন অভিবাসী একটি বড় নৌকায় করে ইতালির উদ্দেশ্যে রওনা হন। তিউনিশিয়ার রেড ক্রিসেন্টের এক কর্মকর্তা মোঙ্গি স্লিম জানিয়েছেন, ছোট নোকায় অনেক লোক যাচ্ছিলেন। যাত্রার ১০ মিনিট পর গভীর সমুদ্রে নৌকাটি ডুবে যায়।

রেড ক্রিসেন্টের বরাত দিয়ে সংবাদ সংস্থাগুলো বলছে, অভিবাসী প্রত্যাশীরা ইতালিতে যাচ্ছিলেন। নৌকাটিতে ৫১ বাংলাদেশি ছাড়াও মিসরের ৩ জন এবং মরক্কোর কয়েকজন এবং চাদ ও আফ্রিকা মহাদেশের কয়েকটি দেশের নাগরিক ছিলেন। তিউনিশিয়ার জেলেরা ১৬ জনকে উদ্ধার করে গতকাল সকালে জারযিজ শহরের তীরে নিয়ে আসে। রেড ক্রিসেট জানিয়েছে, উদ্ধার হওয়া ১৬ জনের মধ্যে ১৪ জনই বাংলাদেশি। এদিকে লিবিয়ার রাজধানী ত্রিপলিতে বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ সিকান্দার আলী বিবিসিকে বলেছেন, তারা দুর্ঘটনার কথা জেনেছেন এবং তিউনিশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তিনি বলেন, যত দ্রুত সম্ভব তারা জারযিজে যাওয়ার চেষ্টা করছেন। সেখানে আকাশপথে যেতে হবে বলেও জানান তিনি।