ম্যালেরিয়া বিরোধী প্রচারণায় লিওনেল মেসি বর্তমানে অবস্থান করছেন আফ্রিকার দেশ সেনেগালে। কিন্তু কথায় আছে না ‘ঢেঁকি স্বর্গে গেলেও ধার ভানে’। মেসির ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি। তাই দেশটির রাজধানী ডাকারেও মেসিকে ঘুরে ফিরে সেই ফুটবল নিয়েই কথা বলতে হলো। আর সংবাদ সম্মেলনে মেসি মূলত কথা বললেন নেইমার দস স্যান্তোস আর হোসে মরিনহোকে নিয়ে।
এই গত মৌসুমে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের কোচের পদ হারিয়েছেন পর্তুগিজ কোচ হোসে মরিনহো। এখন দ্বিতীয় মেয়াদে এসেছেন সাবেক ক্লাব চেলসিতে। মেসি মনে করছেন, স্ট্যামফোর্ড ব্রিজে সাফল্য পাবেন ‘স্পেশাল ওয়ান’ খ্যাত মরিনহো। অন্যদিকে রিয়াল মাদ্রিদের নতুন কোচ কার্লো অ্যানচেলত্তিকেও শুভেচ্ছা জানিয়েছেন এই ফুটবল জাদুকর, ‘আমার মতে স্প্যানিশ ফুটবল কিছুটা কঠিন। আর সময়ের সাথে এটা আরও কঠিন হয়ে উঠছে। স্প্যানিশ লিগে আমাদের রিয়াল মাদ্রিদের মতো শক্তিশালী দলের সাথে খেলতে হয়। দলটিতে বেশ ভাল কিছু তারকা আছে। আর তাদের সাবেক কোচ মরিনহো ছিলেন সেরা মানের একজন কোচ। অ্যানচেলত্তিও খ্যাতিমান কোচ। আশাকরি স্ট্যামফোর্ড ব্রিজে মরিনহো’র জন্য অনেক সাফল্য অপেক্ষা করছে। ’
নেইমার ও মেসি ফুটবল বিশ্বে এখন সবচেয়ে আলোচিত দুটি নাম। আগামী মৌসুমেই ফুটবলভক্তরা বার্সেলোনায় একসাথে দু’জনকে খেলতে দেখবেন। পুরো বিশ্বের দৃষ্টি অপেক্ষায় রয়েছে এই মুহূর্তের জন্য। যে মুহূর্তে মেসি-নেইমার জুটি বার্সেলোনার আক্রমণভাগকে আরো ক্ষুরধার করে তুলবে !
চারবারের ব্যালন ডি’অর জয়ী মেসি জানান, নেইমার যোগ দেয়ায় কাতালানের দল বার্সেলোনা আগামী ২০১৩-১৪ মৌসুমে আরো প্রাণবন্ত রূপে মাঠে আসবে। ব্রাজিলিয়ান ক্লাব স্যান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেয়া নেইমারের প্রসঙ্গে মেসি বলেন, ‘নেইমারের আসাটা অসাধারণ ব্যাপার আমাদের জন্য। সে আমাদের আরো ভালো দল হতে সাহায্য করবে। সে ভাল খেলোয়াড় এবং অনেক কিছু দিয়েছে। আমি তার সাথে খেলার জন্য মুখিয়ে আছি। আশাকরি ব্রাজিলে যা করে দেখিয়েছে তা সে বার্সেলোনাতেও ধরে রাখবে।’
আগামী বছর ব্রাজিলের মাটিতে ফুটবল বিশ্বকাপ। মেসি আর্জেন্টিনার সতীর্থদের মনে করিয়ে দিয়ে জানান বিশ্বকাপ জিততে হলে উন্নতির ধারা ধরে রাখতে হবে।
আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ ২০১৪ বাছাইয়ে ২৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। ব্রাজিল বিশ্বকাপে খেলাটা প্রায় নিশ্চিতই করে ফেলেছে আলেসান্দ্রো সাবেলার দল। যদিও আর্জেন্টিনা দলকে এখনও বিশ্বকাপের জন্য প্রস্তুত মানছেন না মেসি। তবে, সাবেলার অধীনে দলকে নিয়ে তিনি আশাবাদী, ‘২০১৪ ফিফা বিশ্বকাপ জয় প্রতিটি আর্জেন্টাইনের জন্য স্বপ্নের মত হতে পারে। প্রতিযোগিতা থেকে এখনো এক বছর সময় রয়েছে এবং আমাদের কাজ ধরে রাখতে হবে উন্নতির জন্য। বাছাইয়ে আমরা সঠিক পথেই রয়েছি এবং ভাল খেলছি। আমাদের হাতে অনেক সময় রয়েছে কিন্তু আমাদের উন্নতির প্রয়োজন রয়েছে।’
চারবারের ফিফা বর্ষসেরা তারকা ফুটবলার লিওনেল মেসি ম্যালেরিয়া বিরোধী প্রচার কাজে যোগ দিতে গত বৃহস্পতিবার সেনেগালের রাজধানী ডাকারে গিয়ে পৌঁছান। ব্যক্তিগত বিমানে করেই আফ্রিকার দেশটিতে চলে আসেন মেসি। ডাকার বিমানবন্দরে মেসিকে উষ্ণ অভ্যর্থনা দেয় ফুটবলভক্ত এবং শিশুরা।
বার্সেলোনার প্রাণভোমরা মেসিকে এই সফরের জন্য আমন্ত্রণ জানায় কাতারের এসপায়ার ফুটবল একাডেমি। এই একাডেমির একটি শাখা এই দেশে রয়েছে। ম্যালেরিয়া বিরোধী প্রচারণার জন্যই মূলত মেসিকে এখানে আনা। এছাড়া হাজারখানেক মশারি শিশু ও পরিবারের মাঝে বিতরণ করতে পারেন আর্জেন্টাইন অধিনায়ক। এমনটিই জানায় আয়োজকরা। ডাকারের কাছে অবস্থিত আরেক শহর শ্যালিতে মেসি হেলিকপ্টার যোগে রওনা হন। সেখানে তিনি অনাথ আশ্রম এবং স্থানীয়দের সাথে ম্যালেরিয়ার প্রতিরোধ বিষয়ে কথা বলেন। ডাকারে অবস্থিত হাসপাতালের একজন চিকিত্সক বলেন, ‘লিওনেল মেসিকে স্বাগত জানাতে পেরে আমরা খুশি। তিনি এমন সময়ে সফরে আসলেন যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এই দেশে রয়েছেন। আমরা সত্যি ধন্য। এখানে তো মেসি পরিচিত নাম এবং ব্যাপার হচ্ছে তিনি আমাদের দেশে এসেছেন মরণঘাতী রোগের লড়াইয়ে সাহায্য করতে। আমরা সত্যিই সম্মানিত এবং খুশি।’
