স্পেন কোচ ভিচেন্তে ডেল বস্ক মনে করেন কনফেডারেশন কাপের ফাইনালে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ব্রাজিলই ফেবারিট। আগামীকাল রবিবার পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনালটি, যাতে ব্রাজিলের লক্ষ্য থাকবে টানা তৃতীয় শিরোপা জয়। অপরদিকে স্পেন বিশ্বকাপ ও ইউরোপিয়ান শিরোপার পর মহাদেশীয় এ প্রতিযোগিতাটিও যে জিততে চাইবে তা বলার অপেক্ষা রাখে না।
স্পানিশ দলটি ব্রাজিলের ফোর্তালেজায় অনুষ্ঠিত খেলাটিতে ১২০ মিনিটের বন্ধ্যাত্বের পর পেনাল্টিতে ৭-৬ গোলে জয়ী হয়। এমনকি পেনাল্টিতেও দু’দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হার মানে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইটালি।
ডেল বস্ক খেলাটির পর আসন্ন লড়াইয়ের ব্যাপারে রিপোর্টারদের বলেন, ‘ব্রাজিলই ফেবারিট। তাদের আছে পাঁচটি বিশ্বকাপ, তিনটি কনফেডারেশন কাপ জয়। তাছাড়া আমরা তাদের মারাকানায় যুঝতে যাচ্ছি। তবে আমরা এ জন্য বেশ শিহরণ বোধ করছি।’
তিনি আরো বলেন, ‘আমাদের ক্লান্তি সারিয়ে উঠে নিজেদের সম্ভাব্য সেরা অবস্থায় সেখানে যেতে চাই। আগামী তিনদিনে আমরা তাই করার চেষ্টা করবো। স্পেন ১২০ মিনিট খেলেছে এবং খেলোয়াড়রা সাধারণত সপ্তাহে দুটি ম্যাচ খেলে থাকে। কাজেই আমরা বিশ্বাস করি যে, রবিবার আমাদের সেরাটা দেখাতে সক্ষম হবো।’
স্পানিয়ার্ডদের বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতানো এই কোচ অবশ্য আসন্ন লড়াইয়ে কে জিতবে সে সম্পর্কে সরাসরি মন্তব্য করেননি। এর পরিবর্তে বলেন, ‘আমরা জানি না কে প্রাধান্য বিস্তার করবে, কার দখলে থাকবে অধিকাংশ সময়ে বলের নিয়ন্ত্রণ। আমরা অবশ্য চেষ্টা চালাবো।’
কোচ লুই ফিলিপ স্কোলারির দল তাদের কোথায় বেশি ভোগাতে পারে সে সম্পর্কে ডেল বস্কের মূল্যায়ন-‘ড্যানি অ্যালভেজ ও মার্সেলো অসাধারণ। তারা একটা ম্যাচকে বদলে দিতে পারে। নেইমার তো অবিশ্বাস্য এবং তাদের মাঝমাঠও দারুণ খেলে। কিন্তু আমরা তো শুধু একজন ব্রাজিলিয়ানকে পাহারা দেয়া নিয়ে কথা বলতে পারি না।’ ইতালির খেলা সম্পর্কে প্রশংসা করে সাবেক রিয়াল মাদ্রিদ কোচটি বলেন, ‘আজ রাতে (বৃহস্পতিবার) ইতালি ছিল খুবই শক্তিশালী এবং খেলার নিয়ন্ত্রণও ছিল তাদের হাতেই।’
