রাশিয়ার সাবেক অধিনায়ক আন্দ্রে আরশাভিন লন্ডনের ক্লাব আর্সেনাল ছেড়ে আবারো স্বদেশী ক্লাব জেনিথ সেন্ট পিটার্সবার্গে ফিরলেন। এবার দুই বছরের চুক্তিতে জেনিথে যোগ দিলেন তিনি। গতকাল বৃহস্পতিবার ক্লাবটির পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
৩২ বছর বয়সী আরশাভিন রাশিয়ায় ফিরছেন—এমন গুঞ্জন গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে তিনি ফিরলেন স্বদেশেই। আর্সেনালের সাথে চুক্তি শেষ হলেই স্বাভাবিকভাবে আরশাভিন আগামী ১ জুলাই থেকে জেনিথের হয়ে যাচ্ছেন। আরশাভিনের জন্ম সেন্ট পিটার্সবার্গে ১৯৮১ সালে। তখন পিটার্সবার্গের নাম ছিল লেনিনগ্রাদ। তরুণ আরশাভিন ১৯৯৯ সালে যোগ দেন জেনিথে। ২০০০ সাল পর্যন্ত তিনি তরুণ দলেই ছিলেন। এরপর ২০০০ সাল থেকে ২০০৯ পর্যন্ত তিনি জেনিথের সিনিয়র ক্লাবের সাথে খেলেছেন। ৩১০ ম্যাচে তিনি ৭১ গোল করেছিলেন জেনিথের হয়ে। সেইসাথে রাশিয়ান প্রিমিয়ার লিগও জয় করেন। এছাড়া ২০০৮ সালে উয়েফা কাপেও আসে সফলতা। ২০০৮ সালে রাশিয়ার জাতীয় দলে আলোকিত নাম ছিলেন আরশাভিন। ইউরো চ্যাম্পিয়নশিপে রাশিয়া সেমিফাইনালেও উঠে যায়। ২০০৯ সালে আর্সেনালে আসার পর আরশাভিন নিজেকে হারিয়ে ফেলেন। মাঝমাঠের এই খেলোয়াড়কে বেশিরভাগ সময় বসে থাকতে হয় সাইড বেঞ্চে। পিটার্সবার্গ গত মৌসুমে প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করে। চ্যাম্পিয়ন হয় চিরপ্রতিদ্বন্দ্বী সিএসকেএ মস্কো।
