জাতীয় ফুটবল দলের সাফ চ্যাম্পিয়নশিপের প্রশিক্ষণ শুরু হচ্ছে আজ শনিবার থেকে। এ জন্য ঢাকা জাতীয় দলের প্রাথমিক তালিকায় ঠাঁই পাওয়া ৩৫ জনের মধ্যে গতকাল ২০ জন রিপোর্ট করেছেন। আরো ১০ জনের গত রাতে যোগ দেয়ার কথা। বাকিদের কেউ কেউ বিদেশে। জাতীয় দলের কোচ ডাচ ক্রুইফ লুডভিক ও তার সহকারী রেনে কেস্তা জুলাইয়ের প্রথম সপ্তাহে এসে পৌঁছানোর আগে ফুটবলারদের দুই বেলা অনুশীলন করাবেন সহকারী কোচ গোলাম জিলানী।
এবার বেশ কয়েকজন তরুণ চূড়ান্ত দলে থাকতে দৃঢ় প্রত্যয়ের কথা জানিয়েছেন। ১৮ বছর বয়সী নাহিদুল ইসলাম নাহিদ তাদেরই একজন। গত মৌসুমের শুরুতে খেলার জন্য দল পাচ্ছিলেন না বিকেএসপির এই ছাত্র। শেষ পর্যন্ত জায়গা হয়েছিল শেখ রাসেল ক্রীড়া চক্রে। কারণ শেখ রাসেলের কোচ মারুফুল হক আগে থেকেই জানতেন তার সম্পর্কে। গেল মৌসুমে কোনো পারিশ্রমিকও পাননি তিনি। তাতে কিছু যায় আসেনি। কারণ তার জন্য জায়গা পাওয়াটাই ছিল বড় ব্যাপার। লেফট উইংব্যাক পজিশনের এই ফুটবলার কল্পনাও করতে পারেননি তিনি কোচ ক্রুইফের নজরে পড়বেন। তাই এখন তার চ্যালেঞ্জ চূড়ান্ত দলে জায়গা করে নেয়া। ইতোমধ্যে নাহিদকে পারিশ্রমিক দিয়ে চূড়ান্ত করে ফেলেছে শেখ রাসেল। গতকাল জাতীয় দলের ক্যাম্পে রিপোর্ট করে তরুণ নাহিদ জানালেন সুপার কাপে ভালো খেলে আত্মবিশ্বাস জন্মেছে। সেটার প্রমাণ দেয়ার চেষ্টা করবেন তিনি। তার মতো অনেকেরই এবার ভাগ্য খুলে দিয়েছে সুপার কাপ ফুটবল। ডাক পেয়েছেন রাসেলের ডিফেন্ডার উত্তম বনিক। মিয়ানমার চ্যালেঞ্জ কাপ ফুটবলে খেলেছিলেন উত্তম। তারপরও কারো নজরে না পড়লেও আবার ডাক পেলেন জাতীয় দলে। বাংলাদেশের হয়ে যুক্তরাষ্ট্রে খেলতে গিয়েছিলেন তরুণ ফুটবলার ওমর ফারুক বাবু। বিজেএমসির এই খেলোয়াড়ও রিপোর্ট করতে এসে দারুণ খুশি। প্রশংসা ঝরছে সুপার কাপের। কারণ এখান থেকেই সুযোগটা পেয়েছেন তিনি।
সিনিয়র এবং তরুণদের সংমিশ্রণে ডাকা জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে তরুণদের টিকে থাকা কঠিন হবে। এমিলি, মিঠুনদের পাশে ডাক পেয়েছেন স্ট্রাইকার ওয়াহেদ আহমেদ। মোহামেডান সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার পেছনে রয়েছে ওয়াহেদের ম্যাচ উইনিং গোল। ফাইনালে শেখ রাসেলের বিরুদ্ধে পিছিয়ে পড়া মোহামেডানকে ফিরিয়েছিলেন তিনি। সুপার কাপে রয়েছে তার তিন গোল। এমিলি, মিঠুনকে সরিয়ে দেয়াটা কঠিনই তার জন্য। তারপরও ওয়াহেদ ডাচ কোচের আস্থার প্রতিদান দিতে চান সেরাটা দিয়ে, ‘আমি চাই দলে জায়গা করে নিতে’।
সেপ্টেম্বরে নেপালে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ডাকা ক্যাম্পে ঠাঁই পেয়েছেন অনেক দিন খেলা থেকে দূরে থাকা আবাহনীর মিডফিল্ডার আরমান আজীজ। তিনি বলেন, ‘আড়াই বছর পর সুযোগ পেয়েছি। ২০১০ সালে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপে শেষবার খেলেছি। আবার ডাক পেলাম। দেখা যাক কি হয়।’ দেড় বছর বাইরে ছিলেন গোলকিপার বিপ্লব। পাঁচজন গোলকিপার ডাকা হয়েছে প্রাথমিক দলে। তিনজনকে রাখা হবে চূড়ান্ত দলে। নেপালে চ্যালেঞ্জ কাপ ফুটবলে ছিলেন আবাহনীর গোলকিপার সোহেল, মোহামেডানের গোলকিপার মামুন খান। এই দু’জন আছেন এবারও। তাদের সাথে রয়েছেন সিনিয়র গোলকিপার বিপ্লব। তিনি জানিয়েছেন এটা তার জন্য চ্যালেঞ্জ। দেড় বছর ডাকা হয়নি তাকে। বিপ্লব বলেন, ‘কোচ নিশ্চয়ই ভালো কিছু দেখে আস্থা রেখেছেন। আমি চেষ্টা করবো টিকে থাকার জন্য।’
নিজের ক্ষুদ্র ক্যারিয়ারে এবার নিয়ে সাতবার জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে ডাক পেয়েছেন রাইট উইংগার মোবারক হোসেন। কিন্তু একবারও চূড়ান্ত দলে জায়গা হয়নি। আশা করছেন এবার ফেরত যেতে হবে না। কারণ সুপার কাপ ফুটবলে মোহামেডানের শিরোপা পাওয়ার পেছনে মোবারকের রয়েছেন দারুণ অবদান।
এদিকে প্রাথমিক তালিকায় থাকা ওয়ালি ফয়সাল বিদেশে গেছেন, এসে পড়বেন। মুক্তিযোদ্ধার গোলকিপার জিয়া ইনজুরিতে থাকায় আসছেন না। আর ৩৫ জনের মধ্যে থাকা তিন প্রবাসী বাঙ্গালি ডেনমার্কের জামাল বুইয়া, অস্ট্রেলিয়ার আনন্দ রহমান এবং জার্মানিতে থাকা রিসাত গতকাল সন্ধ্যা পর্যন্ত রিপোর্ট করেননি।
