ট্যুর ডি ফ্রান্স শুরু আজ

ডোপিংয়ের পক্ষে কলঙ্কিত আর্মস্ট্রংয়ের সাফাই

আপডেট : ২৮ জুন ২০১৩, ২১:২২
যুক্তরাষ্ট্রের কলঙ্কিত সাইক্লিস্ট ল্যান্স আর্মস্ট্রং ‘লা মন্ড’কে গত শুক্রবার দেয়া এক সাক্ষাত্কারে জানান, ডোপিংয়ের সাহায্য ছাড়া সাইক্লিংয়ের সর্বোচ্চ প্রতিযোগিতা ট্যুর ডি ফ্রান্স জয় ‘অসম্ভব’। ট্যুর ডি ফ্রান্সের ১০০তম আসর শুরু হওয়ার প্রাক্কালে তিনি এ মত দেন। ফ্রান্সে আজ শনিবার থেকে শুরু হচ্ছে প্রায় ২১ ধাপে ৩৪৭৯ কিলোমিটারের এ সাইক্লিং প্রতিযোগিতা। আমেরিকান আর্মস্ট্রংয়ের কাছে জানতে চাওয়া হয়েছিল পারফরমেন্স বদলে দিতে পারে এমন ড্রাগ ব্যতীত তিনি এই প্রতিযোগিতাটি জিততে পারতেন কিনা ? আর্মস্ট্রং বলেন, ‘এটা নির্ভর করে প্রতিযোগিতাগুলোর ওপর যেটা আপনি জিততে চাইতেন। ট্যুর ডি ফ্রান্স ? না। ডোপিং ছাড়া জয় অসম্ভব কারণ ট্যুরটি দীর্ঘ সময় টিকে থাকা ব্যাপার যাতে অক্সিজেনের ভূমিকা নির্ধারক।’ তিনি আরো বলেন, ‘একটি উদাহরণ দেই, ইপিও (ইরিথ্রোপোয়েটিন) ১০০ মিটার জিততে কোন স্প্রিন্টারকে সাহায্য করবে না কিন্তু ১০ হাজার মিটারের দৌড়বিদের জন্য নিয়ামক। এটা নিশ্চিত।’ আর্মস্ট্রং ১৯৯৯ সাল থেকে ২০০৫ পর্যন্ত রেকর্ড সাতটি ট্যুর জয় করেছিলেন। গত বছর যুক্তরাষ্ট্রের অ্যান্টি ডোপিং এজেন্সির রিপোর্টে উঠে আসে তিনি কিভাবে ক্রমাগত ড্রাগ নিয়েছেন। এ রিপোর্টের পর বিশ্ব সাইক্লিং বিপর্যয়ের মধ্যে পড়ে। অথচ বিষয়টি জানাজানি হওয়ার আগ পর্যন্ত তিনি পারফরমেন্স বদলে দেয় এমন ড্রাগ না নেয়ার কথা দাবি করে আসছিলেন। শেষ পর্যন্ত আর্মস্ট্রংয়ের এই ডোপ পাপ প্রমাণিত হলে তার এ শিরোপাগুলো ছিনিয়ে নেয়া হয় এবং তিনি আজীবন নিষিদ্ধ হন খেলাটিতে থেকে। এসব সিদ্ধান্তের পর আর্মস্ট্রং টেলিভিশনে দেয়া এক সাক্ষাত্কারে জয়ের জন্য নিষিদ্ধ উপাদানগুলোর একটি সংমিশ্রণ বিশেষ করে রক্তে উত্তেজক তৈরির উপাদান ইপিও, টেস্টোস্টেরোন ব্যবহার এবং রক্ত সঞ্চালন করানোর কথা স্বীকার করেন। আর্মস্ট্রং লা মন্ডকে জানান, তিনিই প্রথম ডোপ নেয়া ক্রীড়াবিদ নন। ডোপিংয়ের প্রচলন সব সময়েই ছিল। তবে এ ঘটনায় সবধরনের খেলাধুলার মধ্যে সাইক্লিংকে বলির পাঠা করা হয়েছে। তিনি বলেন, ‘আমি স্রেফ এই পদ্ধতিতে অংশ নিয়েছি। আমিও একজন মানুষ।’ তিনি অবশ্য অতীতকে মুছে ফেলতে পারবেন না উল্লেখ করে বাকি জীবনে এর প্রায়শ্চিত্যের চেষ্টা করবেন বলে জানান। পাঁচবারের ট্যুর জয়ী বার্নার্ড হিনল্ট অবশ্য আর্মস্ট্রংয়ের মন্তব্যে ক্রুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।