বস্তি এলাকার নারীরাই অধিকার বঞ্চিত বেশি

আপডেট : ২৮ জুন ২০১৩, ২১:২৮
শহরের বস্তি এলাকার নারীরা বেশি অধিকার বঞ্চিত বলে দাবি করা হয়েছে এক মতবিনিময় সভায়। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আয়োজিত নারী নির্যাতন প্রতিরোধে সাংবাদিকদের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও নারী মৈত্রী। বস্তি এলাকার নারীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার নিশ্চিতকল্পে এবং নারী নির্যাতন প্রতিরোধ কার্যক্রম কতটা ফলপ্রসূ তা জানার জন্য ২০১০ সাল থেকে আইসিডিডিআরবির নেতৃত্বে ছয়টি সংস্থা যৌথভাবে কাজ করছে। অপর তিনটি সংস্থা হল বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), মেরী স্টোপস ক্লিনিক ও পপুলেশন কাউন্সিল। তাদের গবেষণায় দেখা যায়, এই সমস্ত এলাকায় ৮০ শতাংশ নারীর বাল্যবিয়ে হয়। বিয়ের সময় মেয়েদের বয়স থাকে ১৮ বছরের নিচে। তারা ১৯ বছর বয়সের আগে মা হয় এবং জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের অধিকার থাকে না। তারা যৌথভাবে নারীদের এই পরিস্থিতি থেকে বেরিয়ে আনতে চারটি লক্ষ্য অর্জনের জন্য কাজ করছে। এগুলো হলো বাল্যবিয়ের হার কমান, কিশোরী মাতৃত্ব রোধ, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণের হার বাড়ান এবং সব রকমের নারী নির্যাতন রোধ। এই সকল কার্যক্রম বাস্তবায়নে মিডিয়ার বিশেষ ভূমিকা আছে বলে তারা মনে করেন।