জিএসপি সুবিধা বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছেন বিরোধী দলীয় নেত্রী

আপডেট : ২৮ জুন ২০১৩, ২২:২৮
যুক্তরাষ্ট্রে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা (জিএসপি) স্থগিতের জন্য বিরোধী দলীয় নেত্রীকে দুষলেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, সরকারের বিরোধিতা করতে গিয়ে বিরোধী দলীয় নেত্রী জিএসপি সুবিধা বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছেন। এর ফলে শুধু সরকারই ক্ষতির সম্মুখীন হবে না, পুরো দেশ ক্ষতিগ্রস্ত হবে। যিনি দলীয় স্বার্থে দেশের ক্ষতি করতে পারেন তিনি আর যাই হোক কোন দেশপ্রেমিক হতে পারেন না। তিনি গতকাল শুক্রবার বিকালে বগুড়া সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, খালেদা জিয়া আমেরিকাকে চিঠি দিয়ে দেশের পোশাক শিল্পকে ধ্বংস করতে চাচ্ছেন। তিনি বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় এলেই গণতন্ত্র নিরাপদ হবে এমন নয়, গত ২২ বছরে নির্বাচিত সরকার গণতন্ত্রকে নিরাপদ করতে পারেনি। বরং এই সময়ে দেশে নৈরাজ্য হয়েছে, দুর্নীতি হয়েছে। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সহ-সভাপতি যাহেদুর রহমান যাদু, সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর, যুগ্ম সম্পাদক জি এম সজল, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি এএইচএম আখতারুজ্জামানসহ জাসদের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মন্ত্রী পরে শহরের সাতমাথায় জাতীয় শ্রমিক জোটের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন।