বর্তমান সরকার আন্তর্জাতিক লবিংয়ে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে পৃথক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এ অভিযোগ করেন ।
ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এনআরএফ) আয়োজিত দৈনিক আমার দেশ-এর ছাপাখানা বন্ধ ও মাহমুদুর রহমানকে রিমান্ডে নিয়ে নির্যাতনের প্রতিবাদে এক নাগরিক সমাবেশে ফখরুল বলেন, তাজরীন অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধসের সুষ্ঠু তদন্ত ও বিচারের ব্যবস্থা করতে পারেনি সরকার। ঘটনার পর তারা আন্তর্জাতিক লবিং চালাতেও ব্যর্থ হয়েছে। যার কারণে ওবামা প্রশাসন জিএসপি সুবিধা স্থগিত করেছে।
জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ আয়োজিত ‘নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি ও আজকের রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মওদুদ আহমদ বলেন, জিএসপি সুবিধা স্থগিত হওয়ায় দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে। সরকারের ব্যর্থতায় জিএসপি স্থগিত হয়েছে।
মির্জা ফখরুল বলেন, গাজীপুর সিটি নির্বাচনে কারচুপি হলে সেই দিন থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হবে। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করুন, না হলে নির্বাচন সুষ্ঠু হবে না।
মওদুদ আহমদ বলেন, সরকার যতো চেষ্টা করুক গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে তাদের ভরাডুবি হবে। গ্রামীণ ব্যাংক সম্পর্কে তিনি বলেন, সরকার গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসকে অপমান করেছে। গ্রামীণ ব্যাংক নিয়ে সরকার ষড়যন্ত্র করছে।
ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের প্রতিবাদ সমাবেশে আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদের উপস্থাপনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিন্নাতুনন্নেসা তাহমিনা বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপি প্রমুখ। অপরদিকে পেশাজীবী পরিষদের সভাপতি আবুল কাশেম হায়দারের সভাপতিত্বে সভায় এমপি শাম্মি আক্তার ও চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
এদিকে অপর আরেকটি আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জাহাঙ্গীর আলমের প্রার্থিতা প্রত্যাহারে বাধ্য করে সরকার জনগণের বিজয় ছিনিয়ে নেয়ার অপচেষ্টা করছে।
জাতীয় প্রেসক্লাবে মানবাধিকার লঙ্ঘন, গুম, অপহরণ বন্ধ করা ও বন্ধ গণমাধ্যম খুলে দেয়ার দাবিতে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডি আয়োজিত ঐ সভায় তিনি এ কথা বলেন। সভায় অন্যদের মধ্যে অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হক, অধ্যাপক ড. দেওয়ান সাজ্জাদ ও কবি কামার ফরিদ প্রমুখ বক্তব্য রাখেন।
