আপনি কি একজন পুরুষ? টি-শার্ট পড়ার অভ্যাস কি আপনার আছে? এই দুটো প্রশ্নের উত্তরই যদি হ্যাঁ হয় তাহলে চট করে একবার আপনার সংগ্রহে থাকা টি-শার্টগুলোর কথা মনে করে দেখুন তো। এবার ভেবে বলুন তো, আপনার কাছে আদৌ কোনো সাদা রঙের টি-শার্ট আছে কি না! অথবা থাকলে কতগুলো? এক্ষেত্রে আপনার কাছে সাদা টি-শার্টের সংখ্যা যতগুলোই হোক না কেন গুরুত্বপূর্ণ সময়ে সবসময় সেগুলোই পড়তে চেষ্টা করুন। কেননা সাদা টি-শার্টে যে পুরুষকে সবচেয়ে আকর্ষণীয় লাগে সে কথাটি সম্প্রতি রীতিমতো গবেষণা করেই দেখিয়েছেন যুক্তরাজ্যের নটিংহাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। মজার বিষয় হলো, শুধু নামে টি-শার্ট নয় বরং বাস্তবেই ইংরেজি টি অক্ষরটি বড় করে লেখা বেশ কিছু সাদা রঙের টি-শার্ট ব্যবহার করে এই গবেষণা জরিপ পরিচালনা করেন নটিংহাম ট্রেন্টের গবেষকরা। এজন্য ৩০ জন নারীকে ‘টি’ অক্ষরযুক্ত সাদা টি-শার্ট পরিহিত ভিন্ন গঠনের কয়েকজন পুরুষের ছবি দেখানো হয়। এরপর ওই নারীদের কাছে জানতে চাওয়া হয় ছবিতে দেখা পুরুষরা কতটা আকর্ষণীয়। জানতে চাওয়া হয় তাদের স্বাস্থ্য ও বুদ্ধিমত্তা সম্বন্ধেও। এরপর তাদের একই ছবি উল্টিয়ে দেখানো হয়। দ্বিতীয়বার দেখা এই ছবিগুলো সম্পর্কে নারীদের উত্তর পর্যালোচনা করে দেখা যায়, সোজা ছবিতে টি-এর যে অবস্থান তার চেয়ে উল্টো টি-যুক্ত সাদা টি-শার্টে পুরুষদের ১০ শতাংশ বেশি আকর্ষণীয় ও স্বাস্থ্যবান বলে মনে হয়। এ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের গবেষক মনোবিজ্ঞানী অ্যানড্রিউ ডান বলেন, আনুভূমিক অবস্থায় চওড়া ‘টি’ বুকের ওপরের অংশকে ফুটিয়ে তোলে, যা পুরুষের বুক ও কোমরের অনুপাতকে ইতিবাচকভাবে তুলে ধরে। এতে তাদের শারীরিক গঠনকে আকর্ষণীয় বলে মনে হয়। আর এ কারণেই সাদা রঙের উপর ফুটে ওঠা স্পষ্ট টি অক্ষরটি পুরুষদের আকর্ষণীয় দেখাতে সাহায্য করে থাকতে পারে।
