আপন মায়ের কোলে থাকতে চাইলে নৌকায় ভোট দেবেন

আপডেট : ২৯ জুন ২০১৩, ২১:১৮
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি একমাত্র শেখ হাসিনার দ্বারাই সম্ভব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে সবাইকে ভোট দেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, বর্তমান এবং অতীত সরকারের আচার-ব্যবহার বিবেচনা করে আগামীতে আপন মায়ের কোলে থাকতে চাইলে শেখ হাসিনাকে ভোট দেবেন। আর সত্মায়ের কোলে থাকতে চাইলে আপনারা যাকে খুশি ভোট দেবেন, আমরা বাধা দেব না। শুক্রবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা শেরপুরের নকলা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মতিয়া চৌধুরী এসব কথা বলেন। পরে তিনি উপজেলার ৪৭টি প্রতিষ্ঠান ও ৫৮ ব্যক্তির মধ্যে ১০১টি চেকের মাধ্যমে ৬ লাখ ২৭ হাজার ৫০০ টাকা বিতরণ করেন। স্থানীয় উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ‘যত চেষ্টাই করেন নির্বাচন হবে সংবিধান মেনেই’ নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা জানান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী গত বৃহস্পতিবার বিরোধী দলের উদ্দেশে বলেন, যত চেষ্টাই করেন না কেন আগামী নির্বাচন হবে সংবিধান মেনেই। অর্থাত্ একটা নির্বাচিত সরকার যেভাবে আরেকটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আওয়ামী লীগ সেভাবেই প্রয়োজনে ক্ষমতা হস্তান্তর করবে। সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন হবে না। এ নিয়ে সংসদের বাইরেও কোন আলোচনার কথা মন্ত্রী নাচক করে দিয়ে হেফাজত ইসলামের আমীর আল্লামা শফীর উদ্দেশে বলেন, ইসলাম হেফাজত করার মালিক আল্লাহ্। ইসলাম আওয়ামী লীগের আমলেই বেশি নিরাপদ বলে মন্ত্রী দাবি করে বলেন, দেশে অবাধ নিরপেক্ষ নির্বাচন হচ্ছে। এটা আওয়ামী লীগই পারে। আওয়ামী লীগকে হুমকি-ধমকি দিয়ে কোন লাভ নাই। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বৃহস্পতিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পৌর শহরের পাবলিক অডিটরিয়ামে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেযার, দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে আর্থিক অনুদানের চেক, গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদ আলী।